বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন বিদেশি অতিথি
একের পর এক বিদেশি বন্য প্রাণী আনা হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজ বুধবার আরও নতুন ছয়টি বিদেশি প্রাণী অবমুক্ত করেছে বন বিভাগ। এগুলো হলো দুটি জিরাফ ও চারটি জেব্রা। সকালে গাজীপুরে প্রায় চার হাজার একর আয়তনের এই সাফারি পার্কে প্রাণীগুলো ছেড়ে দেওয়া হয়। এ মাসের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফারি পার্কটির উদ্বোধন করার কথা। বন সংরক্ষক তপন কুমার দে প্রথম আলো ডটকমকে জানান, দক্ষিণ আফ্রিকার মাফুনিয়ান সাফারি পার্ক থেকে গতকাল মঙ্গলবার এসব প্রাণী ঢাকায় নিয়ে আসা হয়। দর্শনার্থীদের জন্য টিকিটের দাম ৫০ টাকা রাখা হবে। বন বিভাগের পরিবহনের মাধ্যমে পুরো সাফারি পার্ক ঘুরে দেখা যাবে। তপন কুমার দে জানান, দুবছর আগে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি এখানে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। এরই মধ্যে পার্কে টাইগার সাফারি, লায়ন সাফারি, আফ্রিকান সাফারি, ডিয়ার সাফরি, বিয়ার সাফারি, প্যারট অ্যাভিয়ারি, ধনেশ অ্যাভিয়ারি, ক্রাউন ফিজেন্ট অ্যাভিয়ারিসহ অন্যান্য বন্য প্রাণীর বেষ্টনী ও ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। এর আগে গত ১৪ মে সাফারি পার্কে চারটি ব্লু-ওয়াইল্ডি বিস্ট, পাঁচটি আফ্রিকান ব্ল্যাক ওয়াইল্ডি বিস্ট নিয়ে আসা হয়। গত এপ্রিলে বিদেশ থেকে ছয়টি বাঘ, আটটি সিংহ সাফারি পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে ছাড়া হয়। এ বছরই চারটি হাতি, তিনটি মিঠা পানির ও সাতটি লোনা পানির কুমির এখানে ছাড়া হয়।বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণীগুলো সাফারি পার্কে রাখা হলে এসব প্রাণী সম্পর্কে দেশের মানুষ আরও ভালো ধারণা পেত। কারণ, সাফারি পার্কে বন্য প্রাণী প্রাকৃতিক পরিবেশে থাকে। এতে বন্য প্রাণীর স্বাভাবিক আচরণ ও বৈশিষ্ট্য তুলনামূলকভাবে স্পষ্ট বোঝা যায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণী আনা হলে সাফারি পার্কের আকর্ষণ আরও বাড়বে। তাঁর ভাষ্য, বিদেশি বন্য প্রাণী সহজেই কিনতে পাওয়া যায়। এর চেয়ে বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণীগুলো রাখা হলে রক্ষণাবেক্ষণ করা সহজ হতো। গন্ডার একসময় এ দেশে পাওয়া যেত। সাফারি পার্কে এমন বিপন্ন প্রাণী আনলে দেশের মানুষ অনেক কিছু জানতে পারত।