বঙ্গবন্ধু সাফারি পার্কের কাজের মান নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। পরিবেশ ও বন মন্ত্রণালয় বলেছিল, আন্তর্জাতিক মান বজায় রেখে এ পার্ক নির্মিত হবে। কিন্তু ২২০ কোটি টাকা বাজেটের বড় প্রকল্পটির কাজ এ পর্যন্ত যতটা হয়েছে, তার মান নিয়ে প্রশ্ন উঠেছে।তিন হাজার ৮১০ একর জমির ওপর নির্মীয়মাণ সাফারি পার্কের কাজ সরেজমিন দেখতে গিয়ে হতাশ হতে হয়। সাদা চোখেই মনে হয়, আন্তর্জাতিক মান তো দূরের কথা, দেশি মানও রক্ষা হচ্ছে না। পার্কের ভেতর ও বাইরের সড়কগুলো নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে বা দেবে যাচ্ছে। সীমানাপ্রাচীর ও প্রাণীদের বসবাসের স্থাপনাগুলোর দেয়ালে দেখা দিয়েছে ফাটল। পার্কে এখনো জীবন্ত বন্য প্রাণী আনা হয়নি। সেখানে স্থাপন করা হয়েছে বন্য প্রাণীর বেশ কয়েকটি ভাস্কর্য। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট বন্য প্রাণীর প্রকৃত চেহারার সঙ্গে এগুলোর মিল নেই। চলতি বর্ষার বৃষ্টিতে ভাস্কর্যগুলোর রং চটে গেছে, খসে পড়েছে পলেস্তারা। প্রবেশপথ দিয়ে ঢুকতেই দেয়ালের ওপরে একদল বন্য প্রাণীর ভাস্কর্য। রাজকীয় প্রাণী বেঙ্গল টাইগারসহ প্রাণীগুলোর চেহারা রোগাটে। দেখলে মায়ার উদ্রেক হবে। পার্কে প্রবেশের শুরুতেই রয়েছে বঙ্গবন্ধুর একটি বিশাল ভাস্কর্য। কিন্তু এর সঙ্গে বঙ্গবন্ধুর অবয়বের মিল নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। শিল্পী হাশেম খানের নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটি বঙ্গবন্ধুর ভাস্কর্যের গায়ের পাঞ্জাবি আরও চার ইঞ্চি লম্বা করাসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে। শিল্পী হাশেম খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর পাঞ্জাবি বড় করাসহ বিভিন্ন সুপারিশ করার পর বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। তবে বঙ্গবন্ধুসহ পার্কের বিভিন্ন ভাস্কর্য তৈরির সময় শিল্পীদের ডাকলে এই ভুলগুলো হতো না।...এ ছাড়া সাফারি পার্কে এতগুলো প্রাণীর ভাস্কর্য রাখার প্রয়োজন ছিল না।’সাফারি পার্কের জন্য যে মাস্টারপ্ল্যান করা হয়েছে তাতে বিমানবাহিনীর বোমা নিক্ষেপ প্রশিক্ষণের একটি স্থান রয়েছে। বন্য প্রাণীর আবাসের কাছে এ রকম স্থাপনার অবস্থান উদ্বেগের বিষয় হলেও এ নিয়ে পার্ক ও বিমানবাহিনী কর্তৃপক্ষের কয়েক দফা বৈঠকে কোনো সুরাহা হয়নি। এদিকে পরিকল্পনা অনুযায়ী, আয়তন তিন হাজার ৮১০ একর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পার্কের আয়তন তিন হাজার একরে সীমিত হতে পারে। কেননা, পার্কের জন্য ৫৫০ একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের কথা ছিল। কিন্তু এ জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ নেই। ২০১০ সালে মন্ত্রণালয় প্রকল্পের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ দেয়। ২০১১ সালে এসে সরকার প্রকল্পের পরিধি বাড়িয়ে বরাদ্দ দেয় ২২০ কোটি টাকা। কিন্তু বেসরকারি ২৪০ একর জমি অধিগ্রহণ করতেই ২০০ কোটি টাকার মতো দরকার হবে। এর মধ্যে ১৩৪ কোটি টাকা খরচ হয়ে গেছে। পুরো বরাদ্দ না পাওয়ায় অধিগ্রহণের টাকা শোধ করা যাচ্ছে না। জমি অধিগ্রহণ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে পার্কের নির্মাণ শেষ হওয়ার কথা। হাতে এক বছর থাকলেও প্রকল্পের ৪০ শতাংশ কাজও শেষ হয়নি। প্রকল্পটির পরিচালক বন সংরক্ষক তপন কুমার দে বলেছেন, জমি অধিগ্রহণেই বরাদ্দের ২২০ কোটি টাকা চলে যাবে। আরও দুই বছর সময় ও অতিরিক্ত ১১১ কোটি টাকা না পেলে তিনি মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন না। প্রকল্পটির জন্য সরকার এ পর্যন্ত মোট ১৬৪ কোটি টাকা ছাড় করেছে। এর মধ্যে জমি অধিগ্রহণেই ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা।পার্কের রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। বেশির ভাগ রাস্তাই ভেঙে গেছে। পার্কে প্রবেশের আগে বানিয়াচালা থেকে ইন্দ্রপুর পর্যন্ত আড়াই কিলোমিটার পথের কাজ খুব নিম্নমানের। অভ্যন্তরীণ পথগুলোর ঢালাই এতটাই পাতলা যে পিচ ফেটে নিচের মাটি বেরিয়ে এসেছে। সীমানাপ্রাচীরের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। পুকুর ও লেক পরিকল্পনামতো গভীর করা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। কর্মচারীদের ভবন, ডরমিটরি ও কার্যালয় নির্মাণের ক্ষেত্রে নির্দেশনায় যথেষ্ট পরিমাণে রড ও সিমেন্ট দেওয়ার কথা বলা হয়নি বলে ঠিকাদারদের সূত্রে জানা গেছে। প্রকল্প পরিচালক তপন কুমার দে এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে ৪০ লাখ টাকা ব্যয় করে। আর সাফারি পার্কের প্রতি কিলোমিটারের জন্য মাত্র ২৫ লাখ টাকা বাজেট দেওয়া হয়েছে। প্রকল্পের নির্মাণ উপকরণ নিয়ে ট্রাক প্রবেশ করায় রাস্তা দ্রুত ভেঙে গেছে। নির্মাণকাজ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন বিভাগ থেকে আলাদা দুটি প্রতিনিধিদল সাফারি পার্কটি পরিদর্শন করেছে। তারা পার্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর সড়ক নির্মাণ যথার্থভাবে হয়নি বলে মত দিয়েছে।