বঙ্গবন্ধু সেচ প্রকল্পের তিন হাজার কৃষক জিম্মি
বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকায় পালরদী নদীর তীরে বঙ্গবন্ধু প্রাইমারি সেচ প্রকল্পের গ্রুপ ম্যানেজার যুবদলের নেতা কেরামত মাঝির কাছে চারটি গ্রামের ২৫টি সেকেন্ডারি সেচ প্রকল্পের ম্যানেজাররা জিম্মি হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি বৈদ্যুতিক বিল পরিশোধের সময় সরকারি ভর্তুকিসুবিধা নিলেও সেকেন্ডারি প্রকল্পের ম্যানেজার ও তিন হাজার কৃষককে ওই সুবিধা দেন না। বরং তিনি চড়া দামে সেচের পানি বিক্রি করেন। ফলে সেকেন্ডারি প্রকল্পের আওতায় থাকা আট শতাধিক একর জমির বোরো চাষিকে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ মূল্যে সেচের জন্য পানি ক্রয় করে চাষাবাদ করতে হচ্ছে। সরেজমিনে ভুক্তভোগী কৃষক ও প্রকল্প ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মিজানুর রহমান ২০০২ সালে বিএডিসির অফিস থেকে পাঁচ কিউসেকের একটি বৈদ্যুতিক সেচপাম্প ইজারা নিয়ে পালরদী নদীর বাঘমারা খালের সংযোগমুখে স্থাপন করে বড় দুলালী-বাগমারা প্রাইমারি সেচ প্রকল্প চালু করেন। এ প্রকল্পের আওতায় বার্থী গ্রামের ১০টি সেকেন্ডারি সেচ প্রকল্পের মাধ্যমে পাঁচ শতাধিক একর জমিতে চাষিরা বোরো ধানের আবাদ করেন। ২০০৩ সালে স্থানীয় মহব্বত আলী সরদার বিএডিসির অফিস থেকে পাঁচ কিউসেকের একটি বৈদ্যুতিক সেচপাম্প ভাড়া নিয়ে পাশে বড় দুলালী খালে বঙ্গবন্ধু প্রাইমারি সেচ প্রকল্প চালু করেন। এ প্রকল্পের আওতায় তিন শতাধিক একর জমিতে বোরো আবাদ হয়। কিন্তু ২০০৩ সালে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেচ প্রকল্প দুটি বন্ধ হয়ে যায়। ওই বছরই সেচ প্রকল্পের মালিকেরা বার্থী ইউনিয়ন যুবদলের সহসম্পাদক কটকস্থল গ্রামের কেরামত মাঝির কাছে তা বিক্রি করে দেন। কেরামত মাঝি দুটি প্রকল্প একীভূত করে বঙ্গবন্ধু প্রাইমারি সেচ প্রকল্প নামে একটি প্রকল্প তৈরি করেন। তিনি গৌরনদী বিএডিসির পাঁচ কিউসেকের একটি বৈদ্যুতিক সেচপাম্প ভাড়া নেন এবং একই ক্ষমতাসম্পন্ন আরেকটি পাম্প ক্রয় করেন। গত ছয় বছর ধরে তিনি এ প্রকল্প চালাচ্ছেন। স্থানীয় কৃষক মো. আইয়ুব আলী (৪৫), ইউনুস সরদারসহ (৪২) কয়েকজন জানান, এ প্রকল্পের অধীনে উপজেলার বড়দুলালী, বার্থী, বাঘমারা ও গাইনেরপাড় এলাকার ২৫টি সেকেন্ডারি সেচ প্রকল্প রয়েছে। এসব সেকেন্ডারি প্রকল্পের ম্যানেজাররা প্রাইমারি প্রকল্পের গ্রুপ ম্যানেজার কেরামত মাঝির কাছ থেকে সেচ পানি ক্রয় করে সাধারণ কৃষকের কাছে বিক্রি করেন। কিন্তু কেরামত মাঝি সেকেন্ডারি প্রকল্প ম্যানেজারদের কাছ থেকে চড়া দাম (২০০ থেকে ২৫০) আদায় করায় কৃষকদেরও অধিক মূল্য পরিশোধ করতে হয়। এতে কৃষকদের শতাংশ প্রতি তিন থেকে চার টাকা অতিরিক্ত পরিশোধ করতে হয়। খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান মুন্সি ও বাগমারা গ্রামের সিরাজ লস্কর অভিযোগ করেন, সেকেন্ডারি প্রকল্পের অধীনে থাকা প্রায় তিন হাজার কৃষকের সরকারি ভর্তুকির কয়েক লাখ টাকা প্রাইমারি প্রকল্পের ম্যানেজার কেরামত মাঝি গ্রহণ করেন। কিন্তু তিনি কৃষকদের এই সুবিধা দেন না। বরং সেচ সরবরাহের জন্য চড়া মূল্য আদায় করেন। বার্থী গ্রামের আদর্শ সেচ প্রকল্পের ম্যানেজার পঞ্চনন দত্ত বলেন, ‘কেরামত মাঝিকে গত বছরের চেয়ে এবার সেচের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।’ এ ছাড়াও সেকেন্ডারি প্রকল্পের ম্যানেজার শাহিন বেপারী, করম আলী হাওলাদার, হান্নান সরদার, জাহাঙ্গীর সরদার, আবদুল মজিদ, ছালাম বেপারী ও শাহজাহান মাতুব্বর অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে কেরামত মাঝি প্রতি ব্লকে ১০ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত নিয়েছেন। অতিরিক্ত টাকা পরিশোধ না করলে চাহিদামতো সেচ সরবরাহ করা হয় না। আট শতাধিক একর জমির বোরো চাষিরা তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন। এ ব্যাপারে কেরামত মাঝি বলেন, ‘জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হয়, এ কথা সত্য নয়। আমি যা করেছি, সেকেন্ডারি সেচ প্রকল্পের ম্যানেজারদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই করেছি।’গৌরনদী বিএডিসির প্রকৌশলী মতিলাল রায় বলেন, ‘সেচ পানি বিক্রি করা সরকারি নিয়মবহির্ভূত। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে কেরামত মাঝির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস বলেন, ‘এ সম্পর্কে আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পল্লী বিদ্যুত্ সমিতি বরিশাল-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু বক্কর সিবলী বলেন, ‘মাসিক বিদ্যুত্ বিল পরিশোধের সময় প্রাইমারি সেচ প্রকল্পের গ্রুপ ম্যানেজার শতকরা ২০ ভাগ কর্তন করে বিল পরিশোধ করেন। অর্থাত্ প্রকল্প ম্যানেজাররা সরাসরি ভর্তুকির সুবিধা নেন। সেকেন্ডারি প্রকল্প ম্যানেজার বা সাধারণ কৃষকদের তাঁরা এ ভর্তুকিসুবিধার অংশ দেন কি না তা আমার জানা নেই। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক প্রকল্পে আরও একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন সেচপাম্প বসিয়ে জিম্মিদশার অবসান ঘটানো হবে।’