বঙ্গবন্ধু সেতু কার্যালয়ে স্থানীয়দের চাকরি দেওয়ার দাবি আ.লীগের
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের সাইট অফিস ও যমুনা রিসোর্টে স্থানীয় লোকদের চাকরি দেওয়ার দাবিতে এবং বহিরাগতদের চাকরি থেকে বহিষ্কারের দাবিতে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। আজ শনিবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা-সংলগ্ন মাঠে এক জনসভা থেকে ওই সময়সীমা ঘোষণা করে আওয়ামী লীগ। এদিকে জনসভা শেষে মিছিল নিয়ে সেতুর কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।পুলিশ, স্থানীয় কর্মকর্তা ও আওয়ামী লীগ সূত্র জানায়, বর্তমানে বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত আছে চীনা কোম্পানি এনসিসিসি। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সাইট অফিস ও যমুনা রিসোর্টে স্থানীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ স্থানীয় আওয়ামী লীগ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা-সংলগ্ন মাঠে জনসভা আহ্বান করে। সভায় কালিহাতী গোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম প্রমুখ। সভায় বহিরাগত ব্যক্তিদের চাকরিচ্যুত করতে ১৭ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সূত্র জানায়, বিকেল সাড়ে ছয়টায় জনসভা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ কয়েক শ লোক সেতুর পূর্ব পাশের সাইট অফিসে ও যমুনা রিসোর্ট এলাকায় (কেপিআইভুক্ত এলাকা) মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় মিছিলটি কেপিআই এলাকার পূর্ব গোলচত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যস্ততম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পার্শ্বে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। তবে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। পূর্ব সাইট অফিসের প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, এই অফিসে স্থানীয় লোকজনই বেশি চাকরি করছেন। বহিরাগত মানুষের সংখ্যা খুবই কম। অন্যায়ভাবে মিছিল নিয়ে কেপিআই এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।