উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শতাধিক ট্রাকে মূল্যবান কাঠ বঙ্গবন্ধু সেতু দিয়ে পাচার হওয়ার অভিযোগ উঠেছে। বৈধ কাগজপত্র ছাড়াই এ কাঠ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এতে বন উজাড় হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ঘুষের বিনিময়ে এই পাচারকাজে সহায়তা করছেন বলেও অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, দুই মাস ধরে উত্তরবঙ্গ থেকে কাঠভর্তি অনেক ট্রাক বৈধ কাগজপত্র ছাড়াই বঙ্গবন্ধু সেতু দিয়ে দেশের পূর্বাঞ্চলে চলে যাচ্ছে। এই অনিয়ম রোধে গত ডিসেম্বরে পাবনার ফরেস্ট রেঞ্জার মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ। কিন্তু তদন্ত কমিটি প্রায় দুই মাস পর কাজ শুরু করেছে।অভিযান পরিচালনাকারী দলের প্রধান ফরেস্ট রেঞ্জার মো. মোখলেসুর রহমান জানান, বাণিজ্যিকভাবে বৈধ কাঠ পরিবহনের জন্য ৫০০ থেকে ৭০০ টাকা দিয়ে বন বিভাগ থেকে পরিবহন ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বৈধ কাগজপত্র ছাড়াই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে কাঠ পাচার করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ২৩, ২৬, ২৭, ও ২৮ জানুয়ারি সেতু এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে কাঠভর্তি বিভিন্ন ট্রাকে তল্লাশি চালিয়েছি। প্রথম দিনে সবচেয়ে বেশি ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় পাঁচটি ছাড়পত্রবিহীন কাঠভর্তি ট্রাক থেকে জরিমানা আদায় করা হয়েছে। তবে অনেক বেশি ট্রাক থামানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে বাকি ট্রাকগুলো ছেড়ে দিতে হয়। ট্রাকচালকদের কাছ থেকে ঘুষ নেওয়ার প্রশ্নই ওঠে না।’গত ২৩ জানুয়ারি রাতে তল্লাশির সময় আটক করা কাঠভর্তি একটি ট্রাকের চালক ওমর আলী অবশ্য দাবি করেছেন, আড়াই হাজার টাকা নিয়ে তাঁর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। এক বন প্রহরীর কাছে তিনি টাকা দেন। ওই টাকার জন্য তাঁকে কোনো রসিদও দেওয়া হয়নি।বন বিভাগের তল্লাশি চৌকি বসানোর কথা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণকর বলেন, ‘জরিমানা আদায় করা হলে অবশ্যই রসিদ দেওয়ার নিয়ম রয়েছে। তবে ট্রাকের চালকদের রসিদ দেওয়া হয়েছে কি না, বিষয়টি আমার জানা নেই। বন বিভাগ পুলিশি সহায়তা চাওয়ায় আমরা তাদের শুধু সহায়তা দিয়েছি।’ তিনি জানান, সেতু দিয়ে প্রতি রাতে কাঠভর্তি গড়ে শতাধিক ট্রাক উত্তরবঙ্গ থেকে দেশের বিভিন্ন জেলায় যায়।কাঠ পাচার নিয়ে পাবনার বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র জানান, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন সামাজিক বনায়ন প্রকল্প থেকে এসব গাছ চুরি করা হচ্ছে। পাবনার সুজানগর, রংপুর ও দিনাজপুর অঞ্চল থেকে বেশি গাছ কাটা হচ্ছে। সুজানগর উপজেলায় গাছ চুরির অভিযোগে পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতে বন বিভাগের পক্ষ থেকে দুটি মামলাও করা হয়েছে।সরকারের রাজস্ব ক্ষতি প্রসঙ্গে বন কর্মকর্তা অজিত বলেন, দরপত্রের মাধ্যমে কাটার উপযোগী বয়স্ক গাছ বিক্রি করে বন বিভাগ। এতে যথেষ্ট রাজস্ব পাওয়া যায়। কিন্তু গাছ চুরির কারণে বিক্রয়যোগ্য গাছের পরিমাণ কমে যাচ্ছে। আর ছাড়পত্র ছাড়াই কাঠ পরিবহন করার কারণেও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।উত্তরবঙ্গ থেকে অবৈধ কাঠ পাচার রোধ করতেই তদন্ত কমিটি সেতু এলাকায় কাজ করছে উল্লেখ করে অজিত কুমার রুদ্র জানান, বর্তমানে পরিবহন ছাড়পত্রবিহীন ট্রাক যাওয়া কমে গেছে। ঘুষ নিয়ে ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।