বঙ্গবন্ধু সেতুতে আর কোনো ফাটল হবে না: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর ফাটলের মেরামতকাজ করায় এই সেতুতে ভবিষ্যতে আর কোনো ফাটল হবে না। এই সেতুর স্থায়িত্বের মেয়াদ ১০০ বছর। এর মধ্যে ১৪ বছর পার হয়েছে। বাকি সময়ের মধ্যে আর ফাটলের কোনো আশঙ্কা নেই।আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর মেরামতকাজ সম্পন্ন করা হয়। এ উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ফলক উন্মোচন করার সময় যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘এই সেতুটিতে হাজার হাজার ছোট বড় ক্র্যাক হয়েছিল। আগামী ৩০ জুন ছিল ফাটল মেরামতের শেষ দিন। নির্ধারিত সময়ের আগেই ফাটলের মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে।’যোগাযোগমন্ত্রী আরও বলেন, সেতুর এক লেন বন্ধ থাকায় সরকারি ছুটি অথবা হরতালজনিত কারণে অতিরিক্ত গাড়ির চাপে অসহনীয় যানজটে পড়তে হতো। চায়না কোম্পানি দ্রুত কাজটি সম্পন্ন করায় নির্ধারিত সময়ের আগেই এই ফাটলের মেরামতকাজ সম্পন্ন হলো। সেতু মেরামতে ব্যয় হয়েছে ২৭০ কোটি টাকা।এ সময় সেতু কর্তৃপক্ষের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।