বঙ্গবন্ধু সেতুতে হেফাজতের গাড়িতে বাধা দেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে লংমার্চে অংশ নেওয়া হেফাজতে ইসলামের গাড়িতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর প্রতিবাদে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তাঁরা। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বাসমালিকেরা অগ্রিম ভাড়া নিয়েও প্রশাসনের চাপে ঢাকা যেতে রাজি হচ্ছেন না। অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ, বাসমালিক ও শ্রমিকেরা।হেফাজতে ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল্লাহ দাবি করেন, সকালে লংমার্চে যাওয়ার উদ্দেশে নেতা-কর্মীরা সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে অবস্থান নেন। অগ্রিম বাস ভাড়া পরিশোধ করা হলেও প্রশাসনের চাপে বাসশ্রমিকেরা যেতে রাজি হননি। এরপর নেতা-কর্মীরা হেঁটে গিয়ে মহাসড়কের সয়দাবাদে অবস্থান নেন। সেখান থেকেও বাসে উঠতে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া নাটোর ও রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে দুটি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাস ও কোচের বিরুদ্ধে মামলা দেয়া হবে।মাওলানা আবদুল্লাহ বলেন, ‘লংমার্চে যতক্ষণ পর্যন্ত যেতে না পারব, ততক্ষণ এখানেই অবস্থান নেব।’ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবদুল কাদের সিদ্দিকী, মাওলানা মো. আমবর আলী। দুপুর দুইটা পর্যন্ত সমাবেশ চলছিল।সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, হরতালের আগে গাড়ি নিয়ে ঢাকা যাওয়া চালক ও সহকারীদের জন্য নিরাপদ নয়। তাই সিরাজগঞ্জ থেকে ঢাকায় বাস যাচ্ছে না।এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, লংমার্চের কোনো গাড়িকে বাধা দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নাশকতা ঠেকাতে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া কোনো বাসকে ফিরিয়ে দেওয়া হয়নি। একটি বাসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় থামিয়ে দেওয়া হয়েছে।