বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে ব্যয় হবে ২৪৩ কোটি টাকা
বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতকাজের জন্য ২৪৩ কোটি ৪৪ লাখ টাকার দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। কাজটি পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশনস কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠান।গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দর প্রস্তাব অনুমোদন করা হয়। প্রথমে ১৬৬ কোটি টাকা দর প্রস্তাব দিয়ে কাজটি পেয়েছিল চায়না ব্রিজ অ্যান্ড রোড করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু কালো তালিকাভুক্ত চীনা এ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে সরকার তা বাতিল করে। এ ছাড়া কমিটির বৈঠকে ভারতীয় রাষ্ট্রীয় ঋণের আওতায় ১৬৯ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ২৯০টি দোতলা বাস কেনাসহ আরও ১১টি দর প্রস্তাব অনুমোদন করা হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, রোববার ও সোমবার দুটি ভিন্ন বৈঠকে উল্লিখিত প্রস্তাবসহ মোট ১৩টি দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আর দোতলা বাসগুলো কেনা হবে ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি থেকে।নুরুল করিম জানান, বৈঠকে এক লাখ টন খাদশস্য আমদানির দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১২৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন গমও রয়েছে। এম সন্স ইন্টারন্যাশনাল থেকে এ গম কিনতে প্রতি টনের দাম পড়বে ৩৪৪ দশমিক ৩৪ মার্কিন ডলার। ১৮৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন নন-বাসমতী চাল কেনা হবে সানলাইট ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস নামের প্রতিষ্ঠান থেকে। টনপ্রতি ব্যয় হবে ৫০৮ দশমিক ৪০ ডলার। বৈঠকে ৫৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার দর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। টনপ্রতি ৬৩৫ ডলার করে এ চিনি কেনা হবে আইটিসি গ্রুপ থেকে।জানা যায়, এ ছাড়া ৫৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জের সদর উপজেলায় (গোপালগঞ্জ-সিংগাতি-চাপাইল ফেরিঘাট) ৫৮৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, ৩০২ কোটি টাকা ব্যয়ের চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্লান্ট স্থাপনের ঠিকাদার নিয়োগ, ৭২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এসপিএম প্রকল্পের পরামর্শক নিয়োগের কার্যাদেশ ও চূড়ান্ত চুক্তি, ১২০ কোটি ৯০ লাখ টাকার বাংলাদেশ রেলওয়ের ১৬৫টি বিজি বগি ওয়াগন ও ছয়টি বিজি বগি ব্রেকভ্যান সংগ্রহের ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, বৈঠকে পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড থেকে ২০১১ পঞ্জিকা বর্ষের জন্য আমদানিতব্য জ্বালানি তেলের পরিমাণ এবং জানুয়ারি-জুন প্রান্তিকে আমদানিতব্য তেলের পরিমাণ ও প্রিমিয়াম নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৯০ হাজার টন তিন দশমিক ১৪ ডলার প্রিমিয়ামে, ১০ হাজার টন ৪ দশমিক ১০ ডলার এবং বাকি ১০ হাজার টন ৭ দশমিক ০৫ ডলার প্রিমিয়ামে আমদানি করা হবে।এ ছাড়া বৈঠকে দেশের বিভিন্ন স্থানে নির্মিতব্য কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য ফার্নেস অয়েল আমদানির দরপত্রও অনুমোদন দেওয়া হয়। জানুয়ারি-ডিসেম্বরে এই তেলের পরিমাণ এক লাখ ৮০ হাজার টন এবং জানুয়ারি-জুন প্রান্তিকে ৬০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।বৈঠক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের (সিবিএসপি) একটি প্রস্তাব ক্রয় কমিটির পরিবর্তে মন্ত্রণালয় পর্যায়ে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে।