বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে বাস-জিপের সংঘর্ষে নিহত ৫
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা, ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক অফিস থেকে পাঠানো খবর: টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এফ কে লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে কালিহাতী উপজেলার সল্লায় একটি গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ওই জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী রাফি আল জাবি (৪৫), তাঁর ছেলে সামি আল জাবি (১৬), শ্বশুর এ টি এম মজিবর রহমান (৬০), গৃহপরিচারিকা জোবেদা আক্তার (৩০) ও গৃহপরিচারক আশরাফুল ইসলাম (১৬)। তাঁদের সবার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাফি আল জাবির স্ত্রী কানিজ আল জাবি (৪০), তাঁর মেয়ে ফাইজা আল জাবিন (৬), বাসের চালক ইসমাইল হোসেন (৪০) ও যাত্রী মনিরুজ্জামান (৩০)। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাফি আল জাবি নিজেই জিপ চালিয়ে জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ফিরছিলেন। আজ রোববার তাঁদের সপরিবারে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। বরিশাল: বরিশালের বাবুগঞ্জ ও বানারীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে ও গত শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের কৃষ্ণপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্র আলফা গাড়ি কৃষ্ণপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে জায়গা দিতে গিয়ে মাহিন্দ্রের পেছনের আসনে বসা যাত্রী বেবী আক্তার (২৮) ও তাঁর কোলের শিশুপুত্র সাজ্জাতুল ইসলাম (১) সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি মা ও শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার পূর্ব মলুহার গ্রামে।এদিকে গতকাল বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রামপট্টি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু সোহেল রানার (৪) মৃত্যু হয়।যশোর: যশোর সদর উপজেলার চাউলিয়ায় পাম্পপাড়া এলাকায়, যশোর-খুলনা মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একটি নছিমন উল্টে দুই ব্যবসায়ী নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (৩৫) ও অজিত দাস (৫০)। তাঁদের বাড়ি চাউলিয়া গ্রামে। তাঁরা চামড়ার ব্যবসা করতেন।ফেনী: ফেনীতে গতকাল সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলাধীন ফেনী-দাইয়াবিবি সড়কের গোলারহাটে একটি ট্যাক্সিকে পেছন থেকে একটি ইটবোঝাই পিকআপ ধাক্কা দেয়। এতে ট্যাক্সির যাত্রী ছায়েদুল হক (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার বেদরাবাদ শিলুয়া গ্রামে। এ সময় আরও দুজন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে গৃহবধূ সুফিয়া আক্তার (২৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তিনি চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বাসের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় অন্য চারজন আহত হয়। তাদের মধ্যে দুজনকে ফেনী সদর হাসপাতাল এবং অন্য দুজনকে ছাগলনাইয়া হাসপাতালে ভর্তি করা হয়।