বঙ্গবন্ধু হত্যা মামলা: ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাত্
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী সৈয়দ ফারুক রহমানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা আজ দুপুরে দেখা করেছেন। পরিবারের সদস্যরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কনডেম সেলের (ফাঁসির আসামিদের রাখা হয়) সামনে তাঁর সঙ্গে কথা বলেন।পরিবারের সদস্যদের মধ্যে এ সময় ফারুকের মা মাহমুদা রহমান, ভগ্নিপতি ইসফাকুর রহমান, বোন ইয়াসমিন রহমান, বোনের মেয়ে মাহমুদা রহমান উপস্থিত ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাক্ষাত্কালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় ও রিভিউ আবেদনের ব্যাপারে কথা বলেন।এদিকে আমাদের লন্ডন প্রতিনিধি জানান, ফারুক রহমানের ছেলে জুবায়ের ফারুক তাঁর বাবাসহ এ মামলায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির প্রাণ ভিক্ষা চেয়েছেন। রোববার সেন্ট্রাল লন্ডনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলেনে তিনি মানবিক দিক বিবেচনা করে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান । অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী কর্নেল ফারুকের ছেলে জুবায়ের ফারুক আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তবে তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবার সম্পৃক্ততার ঘটনা সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ওই হত্যাকাণ্ডের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। একজন সন্তান হিসেবে বাবার প্রাণ ভিক্ষা চাইছেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ গণমাধ্যমের সহায়তা নিতে জুবায়ের লন্ডনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।