বঙ্গবন্ধু হত্যা মামলা: রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার সকাল নয়টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির এক বিশেষ বেঞ্চ এক মিনিটের এক সংক্ষিপ্ত রায়ে এ আদেশ দেন।আদালতের আদেশে বলা হয়, ‘রিভিউ পিটিশনস আর ডিসমিসড।’ আদেশে আরও বলা হয়, পুনর্বিবেচনার আবেদনে যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে, তা ইতিপূর্বে (আপিল বিভাগের রায়ে) নিষ্পত্তি করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিন (আর্টিলারি) ১৯ জানুয়ারি আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। এর আগে ১০ জানুয়ারি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) এবং ১২ জানুয়ারি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে তাঁদের আইনজীবীরা রায় পুনর্বিবেচনার আবেদন করেন। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি—বজলুল হুদা, মুহিউদ্দিন (আর্টিলারি) ও মহিউদ্দিন (ল্যান্সার)— রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে ৯ জানুয়ারি আবেদন করেন। ৩ জানুয়ারি পাঁচ আসামির মৃত্যু পরোয়ানা জারি করেন ঢাকা জেলা ও দায়রা জজ। গত ১৯ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আটক পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির রায় পুনর্বিবেচনার ওপর গতকাল মঙ্গলবার শুনানি শেষ হয়েছে। গতকাল শুনানিতে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘আপিল বিভাগ সাক্ষ্য ও ঘটনার বিচার-বিশ্লেষণ করেই পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। এ ছাড়া আপিল বিভাগ এ রায়ের মধ্য দিয়ে জাতির কাছে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন। তাই এ রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।’গতকাল শুনানির তৃতীয় দিনে আসামি সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) কৌঁসুলি খান সাইফুর রহমান আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। এক ঘণ্টা বক্তব্য দেন তিনি। খান সাইফুর রহমান আদালতকে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় সেনাবাহিনীর দুটি ইউনিট জড়িত ছিল। একাধিক ইউনিট জড়িত থাকার কারণে এটি একটি সেনাবিদ্রোহ। তাই সেনাবিদ্রোহের বিচার সাধারণ দণ্ডবিধিতে হতে পারে না। তা ছাড়া মামলা দায়েরের পর অনেক বিলম্বে মামলার অভিযোগ গঠন করা হয়েছে। কেন বিলম্বে অভিযোগ গঠন করা হয়, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।’এর আগে আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি রেজাক খান বলেন, ‘১৯৯৬ সালের ১৩ আগস্ট রশিদকে গ্রেপ্তার করা হয়। এরও চার মাস পর তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আইন অনুযায়ী গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার কথা। কিন্তু সেই নিয়ম ভেঙে নেওয়া শাহরিয়ার রশিদ খানের জবানবন্দির কোনো গ্রহণযোগ্যতা নেই।’ তিনি আরও বলেন, ‘রশিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়টি সাক্ষ্যপ্রমাণের আলোচনায় আসেনি। রশিদকে শুধু রেডিও স্টেশনে দেখা গেছে। রেডিও স্টেশনে উপস্থিত হওয়ার বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সঙ্গে সংশ্লিষ্ট নয়।’শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায়ে বড় ধরনের কোনো ভুল থাকলে পুনর্বিবেচনার আবেদন করা যায়।’ অতীতের একাধিক মামলার দৃষ্টান্ত উপস্থাপন করে রায় পুনর্বিবেচনার ব্যাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘রিভিউ কোনো আপিল নয়।’ তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা সেনাবিদ্রোহ (মিউটিনি) কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে একটি জঘন্য হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। হত্যা যে ধরনের অপরাধ তাতে এর বিচার সাধারণ আইনে হতে কোনো বাধা নেই।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তৌফিক নেওয়াজ খান বলেন, ‘এই পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা যায় না।’আসামিদের আইনজীবীর প্রতিক্রিয়াআসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আদালতের আদেশের পরে সাংবাদিকদের বলেন, ‘আসামিদের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমরা আশাহত। রায়ে আশার প্রতিফলন ঘটেনি। এই আদেশে বিক্ষুব্ধ হলেও আমাদের তা মেনে নিতে হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে। প্রাণভিক্ষার আবেদন গ্রহণ বা নাকচ করার ২১ থেকে ২৮ দিনের মধ্যে দণ্ড কার্যকর করতে হবে। এর আগে দণ্ড কার্যকর করা হলে তা হবে আরেকটি হত্যাকাণ্ড।’আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সদস্য জননেত্রী শেখ হাসিনা আসামিদের ফাঁসিতে না ঝুলিয়ে আজীবন কারাগারে রেখে উদারতা দেখিয়ে সারা বিশ্বে নজির স্থাপন করতে পারেন।’রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ও অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়াআপিল বিভাগের আদেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘জেলা কোডের বিধান অনুযায়ী আসামিরা সব সুযোগ পাবেন। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ খুনিদের দণ্ড কবে কার্যকর হবে, এই প্রশ্নে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। রিভিউ আবেদন খারিজ হওয়ায় কারাবিধি ১৯১ অনুয়ায়ী জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’খুনিরা প্রাণভিক্ষার সুযোগ পাবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দণ্ডপ্রাপ্তরা প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতি তা গ্রহণ বা নাকচ করতে পারেন।৩ জানুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করা হলে নিয়ম অনুযায়ী ২১ দিন পর এবং ২৮ দিনের মধ্যে রায় কার্যকর করার বিষয়ে জানতে চাওয়া হয় প্রধান কৌঁসুলির কাছে। এর উত্তরে তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে আইন অনুযায়ী দণ্ড কার্যকর হতে পারে। তবে এটা জেল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।কর্নেল ফারুক ও শাহরিয়ার রশিদ প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, জেল কোডের যে অধিকার তা তাঁরা পাবেন।ইতিমধ্যে যে তিনজন প্রাণভিক্ষার আবেদন করেছেন, তাঁরা পুনরায় আবেদন করতে পারবে কি না, এ বিষয়ে আনিসুল হক বলেন, ওই তিনজন যদি প্রমাণ করতে পারেন যে তাঁরা প্রাণভিক্ষার আবেদন করেনি, তবে তাঁরা অবশ্যই সুযোগ পাবেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জঘন্যতম হত্যাকাণ্ডের শেষ রায় দেওয়া হয়েছে। রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে। তিনি বলেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আসামিরা পুনর্বিবেচনার জন্য যেসব যুক্তি দিয়েছেন, ইতিপূর্বে আপিল বিভাগের রায়েই তা নিষ্পত্তি হয়ে গেছে। তাই, এই পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে। কবে দণ্ড কার্যকর হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জেল কর্তৃপক্ষের বিষয়।বাদীর প্রতিক্রিয়াবাদী মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে মামলা দায়ের করেছিলাম, অনেক দিন পরে হলেও সে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি খুব খুশি। জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি।’