বঙ্গবন্ধু হত্যা মামলা: রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ, কাল রায়
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) ওপর শুনানি আজ মঙ্গলবার শেষ হয়েছে। আগামীকাল বেলা ১১টা ১০ মিনিটে আদালত উভয়পক্ষের কৌঁসুলিদের উপস্থাপিত যুক্তিতর্কের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিশেষ বেঞ্চে এই শুনানি শুরু হয় গত রোববার।শুনানিতে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘আপিল বিভাগ সাক্ষ্য ও ঘটনার বিচার-বিশ্লেষণ করেই পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। এ ছাড়া আপিল বিভাগ এ রায়ের মধ্য দিয়ে জাতির কাছে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন। তাই এ রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।’ আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুনানির তৃতীয়দিনে আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিনের (আর্টিলারি) কৌঁসুলি খান সাইফুর রহমান আদালতে তাঁর বক্তব্য শুরু করেন। এক ঘণ্টা বক্তব্য দেন তিনি। খান সাইফুর রহমান আদালতে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় সেনাবাহিনীর দুটি ইউনিট জড়িত ছিল। একাধিক ইউনিট জড়িত থাকার কারণে এটি একটি সেনাবিদ্রোহ। তাই সেনাবিদ্রোহের বিচার সাধারণ দণ্ডবিধিতে হতে পারে না। তা ছাড়া মামলা দায়েরের পর অনেক বিলম্বে মামলার অভিযোগ গঠন করা হয়েছে। কেন বিলম্বে অভিযোগ গঠন করা হয়েছিল তাঁর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।’এর আগে আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি রেজাক খান বলেন, ‘১৯৯৬ সালের ১৩ আগস্ট রশিদকে গ্রেপ্তার করা হয়। এরও চার মাস পর তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আইন অনুযায়ী গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার কথা। কিন্তু সেই নিয়ম ভেঙে নেওয়া শাহরিয়ার রশিদ খানের জবানবন্দির কোনো গ্রহণযোগ্যতা নেই।’ তিনি আরও বলেন, ‘রশিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়টি সাক্ষ্যপ্রমাণের আলোচনায় আসেনি। রশিদকে শুধু রেডিও স্টেশনে দেখা গেছে। রেডিও স্টেশনে উপস্থিত হওয়ার বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সঙ্গে সংশ্লিষ্ট নয়।’শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায়ে বড় ধরনের কোনো ভুল থাকলে পুনর্বিবেচনার আবেদন করা যায়।’ অতীতের একাধিক মামলার দৃষ্টান্ত উপস্থাপন করে রায় পুনর্বিবেচনার ব্যাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘রিভিউ কোনো আপিল নয়।’ তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা সেনাবিদ্রোহ (মিউটিনি) কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে একটি জঘন্য হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। হত্যা যে ধরনের অপরাধ তাতে এর বিচার সাধারণ আইনে হতে কোনো বাধা নেই।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তৌফিক নেওয়াজ খান বলেন, ‘এই পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা যায় না।’