বঙ্গবন্ধু হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) ওপর আজ সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিশেষ বেঞ্চে সকাল সাড়ে নয়টায় শুনানি শুরু হয়ে শেষ হয় বেলা একটা ১০ মিনিটে।আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি রেজাক খান বলেন, ১৯৯৬ সালের ১৩ আগস্ট রশিদকে গ্রেপ্তার করা হয়। এরও চার মাস পর তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আইন অনুযায়ী গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার কথা। কিন্তু সেই নিয়ম ভেঙে নেওয়া শাহরিয়ার রশিদ খানের জবানবন্দির কোনো গ্রহণযোগ্যতা নেই।তিনি আরও বলেন, রশিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়টি সাক্ষ্যপ্রমাণের আলোচনায় আসেনি। রশিদকে শুধু রেডিও স্টেশনে দেখা গেছে। রেডিও স্টেশনে উপস্থিত হওয়ার বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সঙ্গে সংশ্লিষ্ট নয়।আপিল বিভাগের রায়ে অভিন্ন ইচ্ছা ও ষড়যন্ত্রের দুই ধারা এক করে দণ্ড দেওয়া হয়েছে। অথচ এই দুই ধারায় তাঁর বিরুদ্ধে একসঙ্গে কোনো অভিযোগ গঠন করা হয়নি।এরপর সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিনের (আর্টিলারি) পক্ষে তাঁদের আইনজীবী খান সাইফুর রহমান বলেন, রায়ে দেখা যায়, এই মামলায় আবেদনকারীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এ শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আদালতের বিভিন্ন ফটক দিয়ে প্রবেশকালে লোকজনকে তল্লাশি করা হয়।এর আগে গতকাল রোববার এ মামলার অন্য দুই আসামি বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে তাঁদের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন তাঁর বক্তব্য উপস্থাপন শেষ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এক অধ্যাদেশ জারি করে ১৯৭৫ সালে কৃতকর্মের দায় থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে দায়মুক্তি অধ্যাদেশ বাতিল করা হলেও আগের আইনের কার্যক্রম বাতিল হয়ে যায়নি। ১৫ আগস্টের ঘটনাটি তত্কালীন সেনাপ্রধান আগেই জানতেন। এটি পরিকল্পিত ও স্বতঃস্ফূর্ত সেনাবিদ্রোহ বলে তিনি দাবি করেন।এ পর্যায়ে আদালত বলেন, আমরা আপিল বিভাগের রায়ে বলেই দিয়েছি—এটা সেনাবিদ্রোহ নয়, হত্যাকাণ্ড। দ্বিতীয় আবেদনের ব্যাপ্তি তুলে ধরে বিচারপতি কৃষ্ণ নায়ারের উদ্ধৃতি দিয়ে আদালত মন্তব্য করেন, ‘রায় পুনর্বিবেচনার বিষয়টি হলো চাঁদে হাত দেওয়ার মতো।’ এ সময় আদালত রায় পুনর্বিবেচনার জন্য অর্থহীন যুক্তি প্রদর্শন না করতে আবদুল্লাহ-আল-মামুনকে উপদেশ দেন।