বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের যাত্রাদুই বছরেরও বেশি সময় পর ২৫ জানুয়ারি ২০০৯ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আর ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশের নবম জাতীয় সংসদ এবং তিনটি অধিবেশন বসে। তিনটি অধিবেশনে মোট বিল পাস হয় ৬৬টি। প্রথম পাস করা বিলটি হচ্ছে ‘দ্য সিটিজেন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০০৯’। প্রথম অধিবেশনে ৩২টি, দ্বিতীয় অধিবেশনে ২৩টি এবং তৃতীয় অধিবেশনে ১১টি বিল পাস হয়। উল্লেখযোগ্য কয়েকটি আইননারীর সূত্রে নাগরিকত্ব: নবম সংসদের প্রথম অধিবেশনই পাস হয় নারীর সূত্রে নাগরিকত্বের বিষয়টি, যা এত দিন শুধু পুরুষের সূত্রেই হতো। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে হাইকোর্ট নির্দেশ জারি করেন। আগে বাংলাদেশের কোনো নারী কোনো বিদেশি ছেলেকে বিয়ে করলে তাঁর স্বামী ও সন্তানেরা এ দেশের নাগরিক বলে বিবেচিত হতো না। কিন্তু এ বিল পাসের ফলে তারা এ দেশের নাগরিকত্ব লাভ করবে। তথ্য অধিকার আইন: তথ্য অধিকার আইন পাস হয় ২৯ মার্চ ২০০৯। নাগরিক চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে বিলটি পাস হয়। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘তথ্য অধিকার অধ্যাদেশ’ জারি করে। এ আইনের আওতায় কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং তা অনধিক ২০ দিনের মধ্যে সরবরাহ করতে হবে। আইনটি কার্যকর হয় ১ জুলাই ২০০৯ থেকে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পণ্য উত্পাদন বা প্রক্রিয়াকরণ থেকে ওজন, উত্পাদন ও মেয়াদ উল্লেখ না করা ইত্যাদি বন্ধের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পাস হয়। ১ এপ্রিল ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য বিলটি বাংলাদেশ জাতীয় সংসদে পাস হয়। উপজেলা পরিষদ আইন: সাংসদদের নিরঙ্কুশ ক্ষমতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ক্ষমতা সীমিত করে জাতীয় সংসদে ৬ এপ্রিল সর্বসম্মতক্রমে পাস হয় বহুল আলোচিত উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধনী) বিল, ২০০৯। বিলটি কার্যকর হয় ৩০ জুন ২০০৮ সাল থেকে। এ ছাড়া বিচার বিভাগ পৃথক্করণ বিল, সিটি করপোরেশন বিল, জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিল, স্বাস্থ্য বিলসহ উল্লেখযোগ্য বেশ কয়েকটি বিল সংসদে পাস হয়। বিচারক বিব্রত: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর শুনানিতে তিনটি বেঞ্চের তিনজন কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ এবং একটি বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি অপারগতা প্রকাশ করেন। ফলে বেগম খালেদা জিয়ার বাড়ির বিরুদ্ধে রিট শুনানিতে অনিশ্চয়তা তৈরি হয়। পরে পঞ্চম বেঞ্চে রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। সংবিধানের পঞ্চম সংশোধনী: সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল প্রত্যাহার করা হয় ৩ মে ২০০৯। ৩ জানুয়ারি ২০১০ এ মামলার আপিল শুনানি হওয়ার কথা রয়েছে।উচ্চ আদালতের রায় যৌন হয়রানি বন্ধে নীতিমালা: যৌন হয়রানি রোধে কয়েকটি দিকনির্দেশনা উল্লেখ করে একটি নীতিমালা করে দিয়েছেন হাইকোর্ট। ১৪ মে ২০০৯ হাইকোর্ট এক রায়ে যৌন হয়রানির সংজ্ঞা নির্ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে এ বিষয়ে অভিযোগকেন্দ্র গঠন এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্যাতিত ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করার কথা বলা হয়। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষক জিয়া নন: জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র বাজেয়াপ্ত চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ এ রায় দেন। ২১ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০০৪ সালে প্রকাশিত ও মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও দলিলপত্র-এর তৃতীয় খণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। পরিবেশ রক্ষায় নির্দেশনা: ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ—এ চার নদীর তীরবর্তী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ। ২৫ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে নদীর তীরবর্তী জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া হাইকোর্ট বিভাগের একই বেঞ্চ দেশের সব শিল্প-কারখানায় বর্জ্য শোধনাগার এবং অন্যান্য দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করতে সরকারকে নির্দেশ দেন ২৩ জুন। ক্রসফায়ার বন্ধে নির্দেশ: মাদারীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। ১৭ নভেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে স্বতঃপ্রণোদিত হয়ে সুয়োমোটো রুল জারি করেন। পরে ১৪ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ ক্রসফায়ার বন্ধের নির্দেশনা দেন। মায়ের অভিভাবকত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি: ২০০৯ সালে এককভাবে সন্তানের অভিভাবকত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি পেল নারী। সম্প্রতি হাইকোর্ট বাবার পাশাপাশি অভিভাবক হিসেবে মায়ের নাম এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিবন্ধন করার পক্ষে মত দিয়েছেন। অভিভাবক হিসেবে মায়ের নাম ব্যবহার করলে ফরম অপূর্ণ বিবেচিত হওয়ার সুযোগ এখন আর নেই। এ সিদ্ধান্তের ফলে শিক্ষাক্ষেত্রে বাবার সমান্তরালে অভিভাবক হিসেবে মায়ের ভূমিকা নিশ্চিত হলো।বিডিআর বিদ্রোহের বিচার: ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। বিচারটি কোন আইনে হবে, এ বিষয়ে ১৭ আগস্ট প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির পক্ষ থেকে মতামত জানতে চেয়ে রেফারেন্স পাঠানো হয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর সুপ্রিম কোর্টের এটি দ্বিতীয় রেফারেন্স। রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে প্রধান বিচারপতি ১০ জন জ্যেষ্ঠ আইনজ্ঞকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেন। এসব প্রক্রিয়া শেষে ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করতে ঢাকা ও ঢাকার বাইরে ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। তিন সদস্যবিশিষ্ট এ আদালতের সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক। ডিসেম্বর মাসে বিচারকাজ হয় ঢাকার বাইরের একটি আদালতের মাধ্যমে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়: দীর্ঘ প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা হয় ২০০৯ সালের ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে পাঁচ আসামির লিভ টু আপিলের শুনানি চলে ২৯ দিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ টানা শুনানি শেষে ১২ নভেম্বর ২০০৯ রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। এতে হাইকোর্টের রায় বহাল রেখে পাঁচ আসামির আপিল খারিজ করা হয়। রায়ে হাইকোর্ট ১২ আসামির মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার মধ্য দিয়ে ৩৪ বছর আগের সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া শেষ হয়। গণহারে জামিনমিনিটে অন্তত একটি করে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে আবারও ২০০৯ সালে। তবে এবার সাধারণ মামলার অপরাধীরা নন, দণ্ডপ্রাপ্ত অপরাধী, এমনকি খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধীরাও গণহারে জামিন পেয়েছেন। এ ঘটনা ঘটে ২০০৯ সালের ১৮ ও ১৯ নভেম্বর। বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব জামিন দেন। নতুন প্রধান বিচারপতি: দেশের ১৭তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। ১৫ ডিসেম্বর ২০০৯ রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চের প্রধান ছিলেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। যুদ্ধাপরাধীদের বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার, জাতীয় চার নেতা হত্যা মামলার বিচার ছিল ২০০৯ সালের আদালতপাড়ার অন্যতম আলোচ্য বিষয়। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সরকার শুরু করলেও নানা সীমাবদ্ধতার কারণে গত বছর এ প্রক্রিয়া তেমন এগোয়নি।