বঙ্গবন্ধু হলের ডোবা হবে বিনোদনকেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের পুকুরটি ভরাট হতে হতে ডোবায় পরিণত হয়েছে। শুধু বর্ষার সময় এতে পানির দেখা মেলে। পুকুরটির কোনো পরিচর্যা হচ্ছিল না, উল্টো পুকুর ভরাট করার পরিকল্পনা করা হয়েছিল। কিছুদিন আগেও বাইরে থেকে ট্রাকে করে মাটি এনে ফেলা হয়েছিল পুকুরটি ভরাট করার জন্য। শুধু মাটিই নয়, ময়লা-আবর্জনাও ফেলা হয়েছে পুকুরে। কিন্তু এবার পুকুরটিকে রক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শুধু রক্ষাই নয়, পুকুরকে ঘিরে একটি বিনোদনকেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. বায়তুল্লাহ্ কাদেরী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরপাড়া একটি বিশাল এলাকা। এই এলাকায় কয়েকটি আবাসিক হল রয়েছে। কিন্তু হলের শিক্ষার্থীদের জন্য বিকেলবেলায় বসার মতো একটু ভালো জায়গা নেই। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই হলের আশপাশে পানি জমে থাকে। পানির জন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে পারে না। এ এলাকায় একটি পুকুর থাকা সত্ত্বেও তা ভরাট করার উদ্যোগ নেওয়া হয়েছিল গত সরকারের সময়। অনেক চেষ্টা করেও সেই উদ্যোগ বন্ধ করা যায়নি। তখন মাটি, ময়লা ও আবর্জনায় পুকুরটির প্রায় অর্ধেকই ভরাট করে ফেলা হয়েছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর পুকুরটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়। আর এখন সংস্কারের পাশাপাশি পুকুরকে কেন্দ্র করে একটি মনোমুগ্ধকর বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। এর মধ্যে পুকুরের চারপাশে বসার ব্যবস্থা থাকবে। বসার জায়গার ওপর ছাউনি তৈরি করা হবে। সকাল-সন্ধ্যা হাঁটার জন্য রাস্তা থাকবে। ফুলের বাগানের পাশাপাশি থাকবে একটি ফোয়ারা।এর মধ্যে পুকুর সংস্কারের কাজও শুরু হয়েছে। এখন চলছে পুকুর খননের কাজ। মাঝখানের মাটি খনন করে তোলা হচ্ছে ওপরে। একই সঙ্গে চলছে পাড় বাঁধাইয়ের কাজ। পুকুরের গভীরতা হবে ১০ থেকে ১২ ফুট।পুকুরটি রক্ষার পাশাপাশি বিনোদনকেন্দ্র তৈরির বিষয়টি শিক্ষার্থীরাও ভালোভাবে দেখছেন। বঙ্গবন্ধু হলের বাংলা বিভাগের শিক্ষার্থী মামুন মিজানুর রহমান বলেন, ‘লেখাপড়া আর হলে থাকার একঘেয়েমি কাটিয়ে উঠতে এটি কাজে আসবে। বিনোদনকেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।’বায়তুল্লাহ্ কাদেরী বলেন, ‘পুকুরটি রক্ষার জন্য আমরা উদ্যোগ নেওয়ার পর সবার সহযোগিতা পাচ্ছি। হোম স্টোন লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানি পুকুর খনন থেকে শুরু করে বিনোদনকেন্দ্র গড়ে তুলতে সহযোগিতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির অংশীদার হতে তারা বিনা মূল্যে কাজ করে দিচ্ছে। মাস চারেকের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’তিনি আরও জানান, এখানে বিনোদনকেন্দ্র তৈরির পাশাপাশি বঙ্গবন্ধু হলের সীমানাপ্রাচীর ও গেট তৈরি করা হবে। শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান করার সুবিধার্থে পুকুরের এক পাশে একটি মঞ্চ তৈরির চিন্তাও রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল তৈরির পরিকল্পনাও করা হচ্ছে।