বঙ্গবন্ধুকে ‘জগবন্ধু’ বলেছিলেন সাঈদী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. সোলায়মান হোসেন (৬০) বলেছেন, ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনের সময় তাঁর বাড়ির পাশে দহখোলা স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী সভা হয়। ওই সভায় সাঈদী বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার একপর্যায়ে তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধুর স্থলে ‘জগবন্ধু’ উল্লেখ করেন। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সেই থেকে সাঈদীকে সাক্ষী চেনেন।সোলায়মান হোসেন বলেন, স্বাধীনতার পর সাঈদী দহখোলা গ্রামের রওশন আলীর বাড়িতে থাকতেন। তিনি জানতে পারেন, মুক্তিযুদ্ধের সময় সাঈদী তাঁর এলাকায় অনেক স্বাধীনতাবিরোধী কার্যকলাপ করে এখানে এসে আত্মগোপন করেন। তিনি বলেন, ২০০৫ অথবা ২০০৬ সালে সাঈদী বাঘারপাড়া পাইলট স্কুলের মাঠে একটি ধর্মসভা করেছিলেন। সেখানে বক্তৃতা দেওয়ার সময় সাঈদী বলেন, ‘রওশন ভাই এখানে আছেন? তিনি আমাকে দুর্দিনে আশ্রয় দিয়েছিলেন।’ এ কথা শোনার পর রওশন উঠে মঞ্চে গিয়ে সাঈদীর সঙ্গে হাত মেলান এবং পাশে বসেন। সভা শেষে রওশনের বাড়িতেও যান সাঈদী।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বেলা আড়াইটার দিকে জবানবন্দি দেন সোলায়মান। পরে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষীকে জেরা শুরু করেন। মিজানুল সাক্ষীকে দুটি প্রশ্ন করার পর ট্রাইব্যুনালের কার্যক্রম কাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।