বঙ্গবন্ধুর আত্মজীবনী নতুনদের প্রেরণা জোগাবে: আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছেন। তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনীর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী নতুনদের প্রেরণা জোগাবে।আজ সোমবার সন্ধ্যায় কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর সভাঘরে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে অধ্যাপক আনিসুজ্জামান ‘বঙ্গবন্ধু এবং তাঁর অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ওই সেমিনারের আয়োজন করে। আনিসুজ্জামান বলেন, পাকিস্তান কাঠামোর মধ্যে পূর্ব বাংলার মানুষের ভাষা সমস্যার সমাধান হবে না, এটা বুঝতে পেরেই সেদিন বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বলেন, এসব কথাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে উঠে এসেছে। সেমিনারে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। সেমিনারে আরও আলোচনা করেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর সভাপতি ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, একাত্তরের মুক্তিযুদ্ধের আকাশবাণীর সংবাদ বিচিত্রার কণ্ঠসৈনিক উপেন তরফদার ও বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য শেখ হাফিজুর রহমান।