বঙ্গবন্ধুর আত্মজীবনী হাতে পেয়ে আবেগাপ্লুত দুই কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ হাতে পেলেন তাঁর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কর্ণধার মহীউদ্দিন আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দুই কন্যার হাতে বইটি তুলে দেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রকাশনা উত্সব হবে। বইটি হাতে পেয়ে আবেগাপ্লুত শেখ হাসিনা ও শেখ রেহানা বাবার স্মৃতি রোমন্থন করেন। তাঁরা বলেন, ‘এত দিন এটা আমাদের নিজস্ব সম্পদ ছিল। এখন এটা জনগণের সম্পদ। এ বই থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে দেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে।’প্রধানমন্ত্রী বলেন, বইয়ে পাকিস্তান আমলের নানা ঘটনা সম্পর্কে জানা যাবে। বঙ্গবন্ধু যেভাবে লিখে গেছেন, অবিকল সেভাবেই রাখা হয়েছে। এখানে হাত দেওয়া হয়নি। যাতে ইতিহাস সঠিক থাকে। তিনি ছোট বোনের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘রেহানা সাহস না দিলে এ বই প্রকাশ করতে পারতাম না।’ শেখ রেহানা জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুর লিখে যাওয়া আত্মজীবনী অনেক কষ্ট সংগ্রহে রাখতে হয়েছে।বইটির ইংরেজি অনুবাদ ‘দি আনফিনিশড মেমোয়ারস’ও প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফখরুল আলম বইটির ইংরেজি অনুবাদ করেছেন। বঙ্গবন্ধু ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় বইটি লেখা শুরু করেন। কিন্তু পুরোপুরি শেষ করে যেতে পারেননি।বইয়ের প্রকাশনার সঙ্গে জড়িত ইতিহাসবিদ অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, শামসুজ্জামান খান, বেবী মওদুদ ও ফখরুল আলম এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া এ বইয়ের প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন প্রয়াত এনায়েতুর রহিম ও অধ্যাপক শামসুল হুদা হারুন।অনুষ্ঠানে দলীয় নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।