প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গঠনের আহ্বান জানিয়েছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বুধবার বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এ আহ্বান জানান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক ও দৃঢ়চেতা হও। ভালোভাবে লেখাপড়া করো। জাতির ভবিষ্যত্ হিসেবে একটি সুখী, সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে উন্নত বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে তোমাদের।’ শিশুদের জন্য তাঁর সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা শুধু প্রাথমিক বিদ্যালয়েই নয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দিয়েছি। প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’ গোপালগঞ্জ বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসমিয়া জামানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেয় এস এম মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রামকৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করে ত্রিবেণী ঠাকুর ও নয়ন বিশ্বাস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকও এতে বক্তৃতা করেন।পরে শিশুদের অংশগ্রহণে নৃত্যনাট্য হূদয়ে বঙ্গবন্ধু ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ ছাড়া দুটি প্রকল্পের ঋণগ্রহীতাদের মধ্যে চেক বিতরণ করেন। তিনি চিকিৎসার জন্য ১৩ জন ক্যানাসারে আক্রান্ত রোগীর মধ্যেও চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দেশব্যাপী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে একটি বইমেলারও উদ্বোধন করেন। দুপুরে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন তিনি। শ্রদ্ধা জ্ঞাপন: এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।