বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেবে না কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাবে না কানাডা। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ত্রুদ্ধডেন গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা এস এইচ বি এম নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গটি তোলেন। এ সময় হাইকমিশনার বিষয়টি তাঁর সরকারকে জানাবেন বলে জানান।এদিকে বৈঠকের পর দীপু মনির বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টির সুরাহার জন্য কানাডার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।দীপু মনির সঙ্গে বৈঠকের পর হিদার ক্রুডেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারের নীতি খুব স্পষ্ট। কোনো ব্যক্তি তাঁর দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে আমরা তাঁকে সেখানে ফেরত পাঠাই না।’ তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি আমাদের সরকারকে জানাব।’ কানাডায় ফৌজদারি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান ১৯৭৬ সালে বাতিল করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারহীনতার দীর্ঘদিনের সংস্কৃতির অবসানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়ে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর কথা বলেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নূর চৌধুরীর মতো আত্মস্বীকৃত খুনিদের স্বর্গরাজ্য হতে পারে না কানাডা। এ ব্যাপারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিষয়ে কানাডার যে জটিলতা রয়েছে, বাংলাদেশ সেটা বুঝতে পারছে। তার পরও বিষয়টির সুরাহার জন্য বাংলাদেশ কানাডার সঙ্গে কাজ করতে চায়।নূর চৌধুরীকে ফেরত পাঠাতে দীপু মনি গত ৫ অক্টোবর কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডকে চিঠি দেন। একই দিন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আরেক খুনি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করেন।এ ছাড়া নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার অংশ হিসেবে সম্প্রতি সরকার টরিস এলএলপিকে নিয়োগ দিয়েছে। টরন্টোভিত্তিক আইনি পরামর্শক এ সংস্থা বাংলাদেশ সরকারের পক্ষে কানাডার আদালতে আইনি লড়াই করবে।নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আবদুল মাজেদ ও মোসলেমউদ্দিন এখনো পলাতক রয়েছেন।এই হত্যা মামলায় ইতিমধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড ২০১০ সালের ২৮ জানুয়ারি কার্যকর করা হয়।