প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে গাদ্দাফি তাঁকে কোরআনের আয়াত তুলে চিঠি লিখে বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমা করে দিতে বলেছিলেন। শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমিও তাঁকে কোরআনের আয়াত দিয়ে চিঠি লিখে বলেছিলাম, সন্তান হিসেবে আমি বাবা ও স্বজনদের খুনিদের ক্ষমা করতে পারি না।’‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে’ গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্যাগের মানসিকতা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তাঁদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেরা কী পেলাম, সেটা না দেখে দেশ ও জাতিকে কী দিতে পারলাম, সেটাই দেখতে হবে। বঙ্গবন্ধু সারা জীবন এই আদর্শ নিয়ে চলেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের ত্যাগের এই আদর্শ অনুসরণ করতে হবে।’আলোচনার শুরুতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশনা মাতৃভূমির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, আজকের যারা ছাত্র, আগামী দিনে তারাই সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা স্মরণ করে আবেগরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে বাইরে গেলাম। সবাইকে রেখে গেলাম। একদিন শুনলাম, আমাদের কেউ নেই। ৩২ নম্বর বাড়ির কাউকে বাঁচিয়ে রাখা হয়নি। সবশেষে আমার ছোট ভাই রাসেলকে মায়ের লাশের পাশে হত্যা করা হয়।’ক্ষুব্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন জিয়াউর রহমান। লিবিয়ায় কারা এই খুনিদের আশ্রয় দিয়েছিল, আমরা তাদেরও চিনি।’ গাদ্দাফির সমালোচনা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, তাদের অনেককেই লিবিয়ায় আশ্রয় দিয়েছিলেন গাদ্দাফি। তাঁর পতন হয়েছে। এখন তিনি কোথায়?পঁচাত্তরের পর ক্ষমতায় আসা সবাই বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছে—এমন অভিযোগ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘এই এরশাদ সাহেবও কম যান নাই। ফারুককে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।’অনুষ্ঠানের আলোচক অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, আন্তর্জাতিক মৌলবাদীরা দেশের ১১টি খাতে বিনিয়োগ করছে। দেশের নয়টি বড় খাত থেকে তাদের বার্ষিক মুনাফা এক হাজার ৫০০ কোটি টাকা। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ‘তদবিরকারী’ নিয়োগের জন্য এক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা বানু বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান। ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতারা সভায় উপস্থিত ছিলেন।