পলাতক ছয় খুনিকে ফিরিয়ে আনতে চায় সরকার
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা ছিল সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ অঙ্গীকার ছিল। ক্ষমতার মেয়াদের এক বছরের মাথায় রায় কার্যকর হওয়ায় সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।সরকারি সূত্রমতে, বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়েছে। এখন পলাতক ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা নেবে। বিষয়টি সরকারের অগ্রাধিকারে থাকবে। তা ছাড়া জেল হত্যা মামলার পুনর্বিচার, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার কার্যক্রম সরকার এগিয়ে নেবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাঁচটি অগ্রাধিকার তালিকার একটি হলো সুশাসন প্রতিষ্ঠা। নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকারের কথা বলা আছে। সরকারের নীতিনির্ধারকেরা জানান, ১০ ট্রাক অস্ত্র মামলা ও বিডিআর বিদ্রোহের বিচার করাও সরকারের অন্যতম লক্ষ্য। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এসব বিচার হওয়া দরকার। বঙ্গবন্ধু হত্যা মামলার মতো স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় এসব অপরাধের বিচার করা সম্ভব হলে দেশে আর রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাতে কেউ সাহস পাবে না বলে তাঁরা মনে করেন। খোঁজ নিয়ে জানা যায়, স্বাভাবিক আইনের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে ৩৪ বছর পর পাঁচ খুনির ফাঁসি হওয়ায় দলে ছিল উচ্ছ্বাস আর স্বস্তি। তাই তো রাত দেড়টায় পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ার খবর শুনেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘অন্যায়ের বিচার দেখার জন্যই মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’ দলীয় নেতারা জানান, বঙ্গবন্ধুর রাজনীতি ও তাঁর আদর্শকে কেন্দ্র করেই মূলত তাঁদের রাজনীতি। বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি ছিল আওয়ামী লীগের অন্যতম প্রধান রজনৈতিক কর্মসূচি। এ হত্যার বিচারের দাবিতে বছরের পর বছর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। দীর্ঘ ৩৪ বছর পর দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা খুশি। জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করা হয়।দলীয় নীতিনির্ধারকেরা মনে করেন, যত শক্তিশালী বা ক্ষমতাধরই হোক, অন্যায় করে কেউ পার পায় না, বঙ্গবন্ধু হত্যার বিচার বড় প্রমাণ। বঙ্গবন্ধুকে আর ফিরে পাওয়া যাবে না। তবে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হলো। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এটি একটি বড় পদক্ষেপ।নির্ভরযোগ্য সূত্রমতে, রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর রায় কার্যকর ও এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন খুবই আবেগতাড়িত। সারাক্ষণ তাঁর হাতে ছিল তসবিহ আর চোখ ছিল অশ্রুসজল। সকালে যমুনায় দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও আত্মীয়-স্বজনদের সাক্ষাত্ দেন তিনি। এ ছাড়া গতকালের দিনের অন্যান্য কর্মসূচিতে তিনি যোগ দেননি। কিছু সময়ের জন্য সংসদে গেলেও কোনো কথা বলেননি।সূত্র জানায়, গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় দলের নেতা-কর্মী, মন্ত্রিপরিষদের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ডাক পেয়ে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে যমুনায় যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী মোশাররফ হোসেন। দোতলায় প্রধানমন্ত্রীর সঙ্গে এক কক্ষে বসে তাঁরা টেলিভিশনে রায়-সংক্রান্ত খবর শোনেন। সাহারা খাতুন কেন্দ্রীয় কারাগার থেকে প্রতি মুহূর্তের খবর নিয়ে প্রধানমন্ত্রীকে জানাচ্ছিলেন। ১২টা পাঁচ মিনিটে দুই খুনির ফাঁসি কার্যকর হওয়ার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদতে থাকেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে লন্ডনে ফোন করে ছোট বোন শেখ রেহানা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন। বোন ও ছেলের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী কান্নাকাটির ফাঁকে ফাঁকে পুরোনো স্মৃতি রোমন্থন করেন।সূত্র জানায়, ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগের অন্যতম অগ্রাধিকার ছিল বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় কার্যকর করা। আপিল বিভাগে বিচারক সংকট থাকায় গত সাত বছর মামলার কাজ হয়নি। সরকার গত বছরের মার্চে আপিল বিভাগে দুজন বিচারক নিয়োগ দেয়। ১৪ জুলাই আরও চারজন বিচারক নিয়োগ দেওয়া হয়। ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শুরু হয়। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় রায় কার্যকরের ঘটনা একটি বড় পদক্ষেপ। পাশাপাশি এটা জাতির শাপমোচনেরও বিষয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রমাণ হলো, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। অন্যায় করে কেউ পার পায় না। তিনি বলেন, দীর্ঘদিন পাপ ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। পাপের পক্ষে সাফাই গাওয়ার জন্য অনেক সরকার এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণকে বিভ্রান্ত করতে পারেনি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রায় কার্যকরের পর সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তাঁদেরও ফাঁসি কার্যকর করা হবে। তা ছাড়া এবার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।