বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি হওয়ায় দেশজুড়ে প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচজন খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় আজ শুক্রবার রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এসব মোনাজাত ও প্রার্থনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্য, ১৯৭৫-এর ১৫ আগস্টে নিহত অন্য ব্যক্তিরা ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।গত বুধবার রাত ১২টার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে পাঁচ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির রায় কার্যকর হওয়ায় আজ সারা দেশে শোকরানা মোনাজাত ও বিশেষ প্রার্থনার কথা ঘোষণা করে আওয়ামী লীগ।আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, ১৪ দলের শরিক দলগুলোর নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা বিদেশে পলাতক বঙ্গবন্ধুর অন্য ছয়জন খুনিকে দেশে ফিরিয়ে এনে তাঁদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। রাজধানী ছাড়াও আজ সারা দেশে একই দাবিতে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা শোকরানা মোনাজাত করেন খতিব মাওলানা সালাহউদ্দিন। এ সময় খতিব বলেন, ‘খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের খুনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আল্লাহ যেন তওফিক দান করেন।’ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।বায়তুল মোকাররম মসজিদ ছাড়াও হাইকোর্ট মাজার মসজিদ, গোলাপশাহ মাজার মসজিদ, মিরপুর শাহআলী মাজার মসজিদসহ রাজধানীর পাড়া-মহল্লার মসজিদগুলোয় বিশেষ মোনাজাতে শরিক হয়েছেন মুসল্লিরা।এর আগে আজ সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী গোরস্থানে ১৫ আগস্টের ঘটনায় নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তরুণ লীগসহ বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এ ছাড়া পুরানা পল্টনে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ জুমা বিশেষ মোনাজাত ও শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর শ্রমিক লীগ আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভা করে। জাতীয় গণতান্ত্রিক লীগ কল্যাণপুরে এবং নারী মুক্তি আন্দোলন লালমাটিয়া কার্যালয়ে শোকরানা ও আলোচনা সভা করেছে। গণতান্ত্রিক লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় বাঙালি জাতি যেখানে কলঙ্কমুক্ত হয়েছে, সেখানে বিএনপি কোনো প্রকার সহানুভূতি বা বিবৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। এর মধ্য দিয়ে খুনিদের পক্ষে বিএনপির অবস্থান প্রমাণ হয়েছে। মন্দিরে বিশেষ প্রার্থনা: ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় আজ সকালে রাজধানীতে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণ সাহা প্রার্থনা পরিচালনা করেন। মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, সাংসদ বীরেন সিকদার, ননী গোপাল মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।