বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে তৎপর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ জন্য এক যৌথ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আজ বৃহস্পতিবার এই তিনটি মন্ত্রণালয় প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেননি।সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের উপস্থিতিতে এ বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের তত্পরতা অব্যাহত আছে। খুনিরা কে, কোথায় আছে বা তাঁদের কোনো সন্ধান সরকার পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৌশলগত কারণেই তা বলা যাবে না।প্রসঙ্গত, পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডার আদালতের হেফাজতে রয়েছেন। অন্যদের মধ্যে আবদুর রশিদ, রিসালদার মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী, শরফুল হক ডালিম ও আবদুল মাজেদ কোথায় আছেন, সে সম্পর্কে সুনির্দ্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে তাঁদের সন্ধান পেতে সরকার এরই মধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে। ইন্টারপোল বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারকে এ তথ্য জানিয়েছে।সূত্রমতে, শরিফুল হক ডালিম বেশির ভাগ সময় লিবিয়ায় অবস্থান করেন, তবে মাঝেমধ্যে পাকিস্তানেও যাতায়াত রয়েছে তাঁর। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সরকার এমন খবরের ভিত্তিতে বিষয়টি আমেরিকায় বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে তা জানিয়েছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই আজ তিন মন্ত্রণালয়ের যৌথ বৈঠকটি তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।