বঙ্গবন্ধুর চার হত্যাকারীর অবস্থান নিশ্চিত : আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত চার আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে ।আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ আইনমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে বিচারার্থে বিদেশে অবস্থানরত আসামিদের বাংলাদেশে আনভর বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী এ কথা জানান।আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নুর চৌধুরীর বিষয়টি কানাডার আদালতে বিচারাধীন আছে এবং তা নিষ্পত্তির শেষ পর্যায়ে। এ জন্য কানাডায় ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তার সব আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। আদালতের চূড়ান্ত নিষ্পত্তির পর তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে। অন্যান্য আসামির অবস্থান চিহ্নিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব শহিদুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।