বঙ্গবন্ধুর চিঠি তাঁর হাতে
মুক্তিযুদ্ধের সময় যেসব বাঙালি বীরদর্পে লড়াই করেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তাঁদের একজন কুষ্টিয়ার নেহের আলী। স্বাধীনতা লাভের পরপরই বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা নেহেরের পরিবারকে সমবেদনা জানিয়ে চিঠি লেখেন। পাশাপাশি সাহায্য হিসেবে দুই হাজার টাকার একটি চেকও পাঠানো হয়। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৩৯ বছর চলে গেলেও নেহের আলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। এই নিয়ে তাঁর স্ত্রী শুকরানী বেগম অত্যন্ত মনঃক্ষুণ্ন। তিনি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না। তাঁর দিন কাটে অর্ধাহারে-অনাহারে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো চিঠিটি সংরক্ষণ করেছেন শুকরানী বেগম। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জগতী ৩ নম্বর কলোনির বাসিন্দা। গত বুধবার শুকরানী বেগম চিঠিটি নিয়ে প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে আসেন। চিঠিটির মূল অংশ হুবহু তুলে ধরা হলো: প্রিয় বোন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য স্বামী আত্মোৎসর্গ করেছেন। আপনাকে আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার প্রাণঢালা সহানুভূতি। এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমিকের স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ’ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট ২০০০/= টাকার চেক প্রেরিত হ’ল। চেক নম্বর ডি ই এ ২৯০৮২৪। আমার প্রাণভরা ভালবাসা ও শুভেচ্ছা নিন। শেখ মুজিব শুকরানী জানান, মুক্তিযুদ্ধ শুরুর দু-তিন মাস পর একদিন তাঁরা জানতে পারেন, কুষ্টিয়ায় পাকিস্তানি সেনাবাহিনী প্রবেশ করেছে। তখন তাঁর স্বামী মুক্তিযোদ্ধা নেহের জগতী গ্রামের পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে তাঁকে রেখে বলেন, ‘তুমি এখানে থাকো, আমি দু-তিন দিন পর এসে তোমাকে বাড়ি নিয়ে যাব।’ তিন দিন পর শুকরানী জানতে পারেন তাঁর স্বামী ও কয়েকজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। কিন্তু নেহের আলী কোথায় প্রাণ হারিয়েছেন, তা জানতে পারেননি। লাশও পাওয়া যায়নি। স্বামী শহীদ হওয়ার পর শুকরানী দুই ছেলেমেয়েকে নিয়ে অথই জলে পড়েন। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। বড় ছেলে মিন্টু কাঠমিস্ত্রির কাজ করেন। কিন্তু তাঁর উপার্জন দিয়ে সংসার চলে না। মেয়ে স্বাধীনাকে বিয়ে দিয়েছেন। সম্প্রতি মিন্টু কাজ করার সময় বুকে আঘাত পান। তাই তিনি এখন কোনো কাজ করতে পারছেন না।বঙ্গবন্ধু শেখ মুজিবের চিঠি পেয়ে শুকরানী গর্বিত ও ধন্য। তবে স্বামী নেহের আলী আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় তিনি ভীষণ ক্ষুব্ধ, মর্মাহত। আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আজ স্বামী বেঁচে থাকলে দুমুঠো খাবারের জন্য এভাবে আত্মীয়দের কাছে হাত পাততে হতো না।’ তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর স্বামীর আত্মত্যাগের স্বীকৃতি দিলেও এখন কেন স্বীকৃতি পাবেন না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।জগতী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান বলেন, নেহের আলী পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হয়েছেন বলে শুনেছি। শুকরানী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সনদ শুকরানীর কাছে আছে, সেহেতু আমরা তাঁকে যতটুকু সম্ভব শ্রদ্ধা ও সহায়তা করব। ওই সনদ নিয়ে কেন্দ্রীয়ভাবে কিছু করার ব্যাপারে পদক্ষেপ নেব।’