বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিয়ে বিএনপি সাংসদের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে টাঙানো-সংক্রান্ত বেসরকারি বিলের বিরোধিতা করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আজ শনিবার বেসরকারি বিল-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় তিনি এ বিরোধিতা করেন। সভাসূত্রে জানা গেছে, আজ বিকেলে সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাপিয়া বিলটির বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ উপস্থাপন করেন। আসিফা আশরাফি পাপিয়া বলেন, শুধু ছবি বা পোট্রেট টাঙিয়ে কারও মর্যাদা ও অবদানের কথা প্রকাশ যায় না। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে অবস্থান চিহ্নিত না হওয়া পর্যন্ত কারও ছবি টাঙানো সমীচীন নয়। ক্ষমতা থাকাবস্থায় ছবি টাঙানো হলেও বিরোধী দলে গেলে তা আবার সরিয়ে ফেলা হয়।উল্লেখ্য, সরকারি দলের সাংসদ ইমাজউদ্দিন প্রামাণিক ও মোহাম্মদ আসলামুল হক এই বিলটি উপস্থাপন করেন। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবির পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আবেদন করা হয়। বিলে এ সম্পর্কে সংবিধানের একটি অনুচ্ছেদ সংশোধনেরও আবেদন করা হয়।—ইউএনবি