ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের আদেশ আজ শনিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসে। এক ঘণ্টা ২০ মিনিট এ বিষয়ে আলোচনা হয়। পরে বেলা একটা ৪০ মিনিটে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য জানান, সভায় সিন্ডিকেটের ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাই বহিষ্কারাদেশ প্রত্যাহারের পক্ষে মত দেন। তিনি আরও জানান, ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন যৌক্তিক থাকার পরও কারণ দর্শানোর নোটিশ ছাড়াই শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ভুল সংশোধন করতে এ উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ও অন্য চারজনকে শর্ত সাপেক্ষে ছাত্রত্ব রাখার সুযোগ দিয়েছিল। তবে আজীবন বিদ্রোহী বঙ্গবন্ধু এমন শর্ত মানেননি। এ কারণে বিশ্ববিদ্যালয় তাঁকে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ ৬১ বছর পর তাঁর বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ।