বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেন আর নেই
বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেন (৮২) আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি অনেক দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।ফুফুর প্রতি শ্রদ্ধা জানাতে সকালে শেখ হাসিনা তাঁর বাসায় যান। খাদিজা হোসেনের স্বামী সৈয়দ হোসেন সরকার সচিব ছিলেন। আজ সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট ফুফুর স্মৃতিচারণা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনিই ছিলেন আমাদের পরিবারের শেষ বয়োজ্যেষ্ঠ। ছোট ফুফু ছিলেন আমার মায়ের বয়সী। আমার যখন প্রথম সন্তান হয় তখন পাকসেনারা আমার মাকে হাসপাতালে আসতে দেয়নি। ফুফু লুকিয়ে গিয়ে আমার কাছে ১০ দিন ছিলেন। ফুফা ছিলেন সরকারি কর্মকর্তা। আইয়ুব খানের সময় ফুফাকে খালি কয়েক দিন পরপর বদলি করা হতো। একাত্তরে ফুফাকে গ্রেপ্তার করা হয়, ফুফুকে তিন মাস গৃহবন্দী করে রাখা হয়। ফুফুর মেয়ের সঙ্গে আমার ভাই শেখ জামালের বিয়ে হয়। ’৭৫-এর আগস্টে সেও ঘাতকদের হাতে নিহত হয়।’প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর এক ঈদে ফুফু আমাকে দেখতে যান। তখন আমি অসুস্থ, আমার চোখ অন্ধপ্রায়। তখন সরকারি নির্দেশনা ছিল ভেতরের কোনো কথা সংবাদমাধ্যমকে বলা যাবে না। কিন্তু ফুফু এসে সংবাদমাধ্যমের কাছে সব তুলে ধরেন। এরপর আমার চিকিৎসা হয়।’