কাল শোকাবহ ১৫ আগস্ট <br>দুজন যুক্তরাষ্ট্র ও কানাডায়, বাকিরা লিবিয়াকে কেন্দ্র করে বিভিন্ন দেশে
বঙ্গবন্ধুর ছয় খুনি কোথায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সহায়তা চেয়েছে। অবস্থান নিশ্চিত হওয়া খুনিদের বিষয়ে প্রত্যর্পণ চুক্তি সই করাসহ তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ হচ্ছে। অন্যদিকে, অবস্থান নিশ্চিত হতে না পারা খুনিদের ব্যাপারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন আসামির মধ্যে ছয়জন প্রায় এক যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন। তাঁরা সবাই সাবেক সেনা কর্মকর্তা। পলাতক অবস্থায় মারা গেছেন আরেক আসামি আজিজ পাশা।এ ছাড়া পাঁচজন কারাবন্দী আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) মৃত্যুদণ্ড গত ২৭ জানুয়ারি কার্যকর হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে সরকার বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, কানাডা ও লিবিয়ার কাছে চিঠি দিয়েছে। এ ছাড়া ওই দেশগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে গত এক বছরে দেশে-বিদেশে বিভিন্ন পর্যায়ের বৈঠকে খুনিদের ফেরত আনার বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে।’স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব খুনির অবস্থান সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তাঁদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।কানাডায় বাংলাদেশের হাইকমিশনার এ এম ইয়াকুব আলী ১১ আগস্ট প্রথম আলোকে মুঠোফোনে বলেন, নূর চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। কানাডায় মৃত্যুদণ্ডের বিধান বিলোপ হওয়ায় কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তাঁকে তাঁর দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উত্তর আমেরিকার ওই দেশটির অনীহা আছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কারণে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কানাডার রাজনৈতিক সদিচ্ছা আছে। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও কানাডার বিদ্যমান নীতির প্রেক্ষাপটে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সমস্যা আছে কি না, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।এক প্রশ্নের জবাবে ইয়াকুব আলী বলেন, শরণার্থী হিসেবে নূর চৌধুরীর আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর তাঁকে বহিষ্কারের রায় দেন সে দেশের একটি আদালত। এরপর তিনি এখন অভিবাসী আইনের আওতায় ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আপিলের প্রক্রিয়া শেষ হলে তাঁকে দেশে আনার বিষয়টির সুরাহা হতে পারে।বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সাত খুনির মধ্যে লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ ও রিসালদার মোসলেমউদ্দিন কোনো দূতাবাসে চাকরি নেননি। অন্য পাঁচজন অর্থাৎ লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী, ক্যাপ্টেন আবদুল মাজেদ ও লে. কর্নেল আবদুল আজিজ পাশা প্রত্যেকেই একাধিক বাংলাদেশ মিশনে কাজ করেছেন। তাঁদের মধ্যে জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান আজিজ পাশা।আসামিদের মধ্যে লে. কর্নেল শরিফুল হক ডালিম হংকং, চীন ও কেনিয়া; মেজর বজলুল হুদা পাকিস্তান ও থাইল্যান্ড; লে. কর্নেল আবদুল আজিজ পাশা আলজেরিয়া ও জিম্বাবুয়ে; লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী জাপান ও সৌদি আরব এবং লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী পাকিস্তানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, পালিয়ে থাকা ওই সব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছেন। তবে মন্ত্রণালয়ের কাছে দুজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে। তাঁদের মধ্যে লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। বেশ কিছুদিন জার্মানিতে লুকিয়ে থাকার পর লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী এখন রয়েছেন কানাডায়।প্রত্যর্পণ চুক্তির অভাবে খুনিদের কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আইনি কাঠামো না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে অভিযুক্ত মেজর মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কাজেই চুক্তি না থাকাটা আত্মস্বীকৃত খুনিদের দেশে ফেরত আনার ক্ষেত্রে বড় বাধা নয়। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টির সুরাহা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।পলাতক বাকি চারজন কে কোথায় অবস্থান করছেন—এ ব্যাপারে সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁরা লিবিয়া ও পাকিস্তানে অবস্থান করছেন। তাঁদের মধ্যে লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। লে. কর্নেল শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও পাকিস্তানে যাওয়া-আসা করেন।বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর খুনিরা প্রথমে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে যান। এরপর তাঁরা ব্যাংকক থেকে করাচি হয়ে পিআইএর একটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার ত্রিপোলিতে চলে যান। পরে তাঁদের মধ্যে ১২ জন জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদ শাসনামলে বিভিন্ন মিশনে নিয়োগ ও পদোন্নতি পান। এরশাদের সময়ে ফারুক, রশিদ ও হুদা ঢাকায় রাজনীতি করার সুযোগ পান। বেগম খালেদা জিয়ার শাসনামলেও (১৯৯১-৯৬) কেউ কেউ চাকরিতে বহাল ছিলেন এবং তাঁরা রাজনৈতিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান।শেষ পর্যন্ত ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তখনো চাকরিরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছিল।