বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন ছাড়াও দিনটিকে আজ ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদ্যাপন করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় নানা আয়োজনে আজ দিবসটি পালিত হবে।এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে বলেছেন, ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে।দিনের কর্মসূচি: জাতির জনকের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালনে আজ সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় তাঁর সঙ্গে থাকবেন। বিকেল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হবে। বিভিন্ন মসজিদে মোনাজাত, মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ও ঢাকার অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে। বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য এবং গৌরবের। বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৫৮ সালের আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। সত্তরের নির্বাচনে বাঙালি বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানায়। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ করে, বঙ্গবন্ধুকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ’৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় ছিনিয়ে আনে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন স্বদেশভূমিতে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিজ বাসভবনে ক্ষমতালোভী ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন তিনি।