বঙ্গবন্ধুর জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ২০ মিনিটে তাঁরা সেখানে পৌঁছান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি দল বিউগলে করুণ সুর বাজায়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারপর তাঁরা সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। বর্তমানে তাঁরা বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন।এদিকে সরকারিভাবে দিবসটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। বেলা ১১টায় সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী যোগ দেবেন। সেখানে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করবেন এবং জেলা পরিষদের উদ্যোগে দুস্থ নারী পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করবেন।এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।