বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। যদি বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করতেন তা হলে আমরা এ দেশ পেতাম না।’আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রগতিশীল ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিক-উল হক এ কথা বলেন।রফিক-উল হক বলেন, বাংলাদেশে সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে আছেন। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী এমনকি পররাষ্ট্রমন্ত্রীও নারী। এছাড়া আমাদের প্রত্যেক পরিবার পরিচালনার ক্ষেত্রেও রয়েছেন নারী। তাই সর্বক্ষেত্রেই নারীদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ না করলে কেউ আপনাদের মনে রাখবে না। শুধু শিক্ষিত হলেই চলবে না, সত্যিকারের শিক্ষিত হতে হবে। দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রগতিশীল ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক যুগ্ম-সচিব আবু নাছির আহমেদ, পৌর মেয়র মজিবুর রহমান, আতিকুর রহমান খান, চিকিৎসক কামরুল হাসান, লিয়াকত আলী ভুঁইয়া, ডিএম এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন।—বাসস।