বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদন নাকচ
কারাগারে আটক বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ফলে আইন অনুযায়ী গতকাল ১৭ জানুয়ারি থেকে পরবর্তী ২১ দিন পরে ২৮ দিনের মধ্যে এই তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে।এই তিন আসামি হলেন ল্যান্সার এ কে এম মহিউদ্দিন, মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও বজলুল হুদা। কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি সুলতান শাহরিয়ার রশিদ ও সৈয়দ ফারুক রহমান আদালতে রিভিউ পিটিশন দায়ের করেছেন। বাকি সাত আসামি পলাতক। পলাতক এই সাতজনের মধ্যে আজিজ পাশা মারা গেছেন।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় তিন আসামির প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে পৌঁছে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত আসার পরই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান সিকদার ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বৈঠকে বসেন।বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২৪ জানুয়ারি দুই আসামির রিভিউ পিটিশনের শুনানি হবে। এই শুনানির কৌশল নিয়ে তাঁরা আলোচনা করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ জানুয়ারি তিন আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে সেই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই দিনই মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় আসামিদের প্রাণভিক্ষা দেওয়ার সুযোগ নেই মর্মে মতামত দেয়। সিদ্ধান্ত ছিল, ওই দিনই প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। কিন্তু প্রশাসনিক প্রস্তুতিতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি।সূত্র জানায়, গতকাল রোববার আবেদন তিনটির সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়। বিকেলে অনুমোদন পেয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হাতে হাতে তা বঙ্গভবনে নিয়ে যান। সন্ধ্যায় রাষ্ট্রপতি তিন আসামিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়ার আবেদন নাকচ করে দেন। রাতেই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কারা মহাপরিদর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়। আজ সোমবার প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার বিষয়টি আসামিদের জানানো হতে পারে।এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় দুই আসামি সুলতান শাহরিয়ার রশিদ ও ফারুক রহমান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন না। তাঁর মতে, মৃত্যুপরোয়ানা হাতে পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করার সুযোগ থাকে। ৩ জানুয়ারি কারাগারে আটক পাঁচ আসামির মৃত্যুপরোয়ানা পাঠানো হয়। সে অনুযায়ী ১০ জানুয়ারির মধ্যে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ ছিল।