বঙ্গবন্ধুর দুই খুনি সম্পর্কে আরও তথ্য চেয়েছে ভারত
বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে ভারত। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে ওই দুই খুনিকে ফিরিয়ে দিতে রাজি হলেও তাদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নয় দেশটি। আজ সোমবার নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের যৌথ সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং এ কথা বলেন।বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন বলেন, বাংলাদেশ ও ভারত খুব শিগগির ‘বন্দী বিনিময় চুক্তি’ সই করতে যাচ্ছে। প্রস্তাবিত বন্দী বিনিময় চুক্তির কয়েকটি বিষয়ে বাংলাদেশ আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চায় বলে স্বরাষ্ট্রসচিব জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে পেতে এবং তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তরে সহায়তা করতে রাজি হয়েছে ভারত।’এ প্রসঙ্গে আর কে সিং বলেন, ‘আমরা এখনো তাঁদের (বঙ্গবন্ধুর দুই খুনি) অবস্থান সম্পর্কে জানতে পারিনি। তাই তাঁদের সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে আরও তথ্য চেয়েছি। তাঁরা যদি ভারতে থেকে থাকেন, তবে তাঁদের বিচারের জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারলে খুশি হব। এতে আমরা এতটুকু কার্পণ্য করব না।’