বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতক দুই আসামি সম্পর্কে আরও তথ্য চেয়েছে ভারত। তারা বলেছে, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে ওই দুজনকে ফিরিয়ে দিতে রাজি হলেও তাঁদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নয় ভারত। গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের যৌথ সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং এ কথা বলেন। বাংলাদেশ মনে করে, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিন ভারতে আছেন। গত ১৯ থেকে ২১ নভেম্বর দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিবদের দ্বাদশ বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সীমান্তে গুলিবর্ষণের ঘটনা কমে যাওয়ায় দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এ ছাড়া সীমান্তে লোকজনের প্রাণহানি বন্ধে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর দুই দেশ গুরুত্বারোপ করেছে। দুই পক্ষই সাজার মেয়াদ শেষে এক দেশের কারাগারে আটকে থাকা অন্য দেশের বন্দীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নিতে রাজি হয়েছে।বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন বলেন, বাংলাদেশ ও ভারত খুব শিগগির ‘বন্দী বিনিময় চুক্তি’ সই করতে রাজি হয়েছে। তবে প্রস্তাবিত বন্দী বিনিময় চুক্তির কয়েকটি বিষয়ে বাংলাদেশ আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে বাংলাদেশের কাছে হস্তান্তরে সহায়তা করতে রাজি হয়েছে ভারত।এ প্রসঙ্গে আর কে সিং বলেন, ‘আমরা এখনো তাঁদের (দুই খুনি) অবস্থান সম্পর্কে জানতে পারিনি। তাই তাঁদের সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে আরও তথ্য চেয়েছি। তাঁরা যদি ভারতে থেকে থাকে, তবে তাঁদের বিচারের রায় কার্যকরের জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারলে খুশি হব। বাংলাদেশের কাছে তাঁদের হস্তান্তর করতে আমরা এতটুকু কার্পণ্য করব না।