বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার আহ্বান সুরঞ্জিতের
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘আমি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা হোক।’ সুরঞ্জিত সেনগুপ্ত আজ বুধবার দুপুরে সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির ঢাকা জেলা শাখা ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, পদ্মা সেতু নির্মাণ ও বিরোধী দলের রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘যারা স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সাংবিধানিক গণতান্ত্রিক ধারা টিকিয়ে রাখতে হলে আমাদের ’৭৫- পরবর্তী সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কারণ, এই বিচার আমাদের গণতান্ত্রিক ধারার সঙ্গে সম্পর্কযুক্ত।’ বর্তমান সময়ে নির্বাচন কমিশন (ইসি) অনেক বেশি শক্তিশালী দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সারা দেশে বিভিন্ন পর্যায়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর কোথাও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে, আবার কোথাও বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। আপনারা কোথাও ভোট চুরির অভিযোগ তুলতে পারেননি। তাহলে এই ইসির অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণে অসুবিধা কোথায়?’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আপনাদের এ বিষয়ে কোনো কথা থাকলে তা সংসদে এসে বলতে হবে। প্রধানমন্ত্রী বিবিসি বাংলা রেডিওকে যে সাক্ষাত্কার দিয়েছেন, এর পরে আপনাদের আর কোনো কথা থাকতে পারে না।’ পদ্মা সেতু নিয়ে সৃষ্ট সমস্যাকে কৃত্রিম উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল হওয়া দুর্ভাগ্যজনক এবং রহস্যজনকও। অনুমাননির্ভর একটি দুর্নীতির কল্পকাহিনির ওপর নির্ভর করে বিশ্বব্যাংকের মতো একটি সংস্থা এ ধরনের সিদ্ধান্ত কীভাবে নেয়? এটা কতখানি স্বচ্ছ অবস্থান?’ বাসস।