বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রচেষ্টা শেষ পর্যায়ে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, তাদেরকে ফিরিয়ে এনে যত তাড়াতাড়ি সম্ভব আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।আজ রোববার আইন মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনা-সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে আইনমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। পলাতক আসামিরা কে কোথায় আছে, তাদের অনেককেই শনাক্ত করা গেছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে ওইসব দেশের আইনজীবী নিয়োগ করা হয়েছে।শফিক আহমেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের কেউ যদি আদালতের কাছে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করে, তবে সেটা করতে পারে। আদালত তা দেখবে।আইনমন্ত্রী বলেন, যেসব দেশে আসামিরা পালিয়ে আছে, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি, ‘আমরা আশা করি তাদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে পারব।’বাসস