বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মুত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাঁদের ফাঁসির আদেশ কার্যকর করা হয়। এই পাঁচ জন হলেন বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও সাত আসামি পলাতক আছেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আবদুল মাজেদ। আজিজ পাশা জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান।এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা রায় পুনর্বিবেচনার আবেদন আজ খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের সঙ্গে সঙ্গে এই মামলার ১৩ বছর ধরে চলা আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান গতকাল প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন। রাষ্ট্রপতি তাঁর আবেদন নাকচ করে দেন।আগের চার রায়: পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু এ বর্বর হত্যাকাণ্ডের বিচার পদে পদে বাধা মুখে পড়ে। ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশের কারণে বিচার শুরু করা যায়নি দীর্ঘ সময়। তাই হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার। একই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। প্রথম রায়: ১৯৯৮ সালের ৮ নভেম্বর তত্কালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন। দ্বিতীয় রায়: নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। বিচারপতি এম রুহুল আমিন ১৫ আসামির ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন পাঁচ আসামিকে। অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির সবার মৃত্যুদণ্ড বহাল রাখেন। তৃতীয় রায়: এরপর ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন তিনজনকে। এই ১২ আসামির মধ্যে একজন মারা গেছেন, ছয়জন পলাতক রয়েছেন। অপর পাঁচজন কারাগারে আটক আছেন। দীর্ঘ ছয় বছর পর বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আপিল বিভাগে একজন বিচারপতি নিয়োগ দেওয়ার পর ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্ব তিন বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন।চতুর্থ রায়: এর প্রায় দুই বছর পর ২০০৯ সালের ২৪ আগস্ট আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই বছরের ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। আপিল শুনানির জন্য তত্কালীন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন গত ৪ অক্টোবর বর্তমান প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেন। আপিল বিভাগ গত ৫ অক্টোবর থেকে টানা ২৯ কর্মদিবস শুনানি করার পর গত ১৯ নভেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করেন।এরপর করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।