বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির খবর বিশ্ব গণমাধ্যমে ফলাও প্রচার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করার খবরটি বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কয়েকটি সংবাদমাধ্যম খুনিদের রায় পর্যালোচনার আবেদন খারিজের খবরটিও বেশ গুরুত্বসহকারে প্রচার করে। রায় কার্যকর হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বের খ্যাতনামা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বার্তা সংস্থা, অনলাইন পত্রিকা ও সংবাদপত্রের অনলাইন সংস্করণে খবরটি প্রচারিত হয়। প্রায় সব সংবাদমাধ্যমের শিরোনাম ছিল প্রায়ই একই রকম।রায় কার্যকর হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ‘ব্রেকিং নিউজ’ হিসেবে খবরটি প্রচার করে বিবিসি অনলাইন। সংবাদমাধ্যমটির শিরোনাম ছিল, ‘মুজিব হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করল বাংলাদেশ।’ আল-জাজিরা অনলাইনের শিরোনামে বলা হয়, ‘মুজিব হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাল বাংলাদেশ।’ ‘সাবেক প্রেসিডেন্টের হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করল বাংলাদেশ’ শিরোনামে খবরটি প্রচার করে এবিসি নিউজ।এপি, এএফপি, রয়টার্স, পিটিআইসহ বিশ্বের জনপ্রিয় বার্তা সংস্থাগুলো বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর তাত্ক্ষণিকভাবে প্রচার করে। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, ‘স্বাধীনতার নেতা মুজিব হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাল বাংলাদেশ।’ এএফপির শিরোনাম ছিল এ রকম, ‘স্বাধীনতার নেতা মুজিব হত্যাকারীদের মৃতুদণ্ড কার্যকর করল বাংলাদেশ।’ভারতের দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনামে বলা হয়, ‘মুজিবের পাঁচ খুনিকে ফাঁসিতে ঝোলাল বাংলাদেশ।’ দ্য টাইমস অব ইন্ডিয়া পত্রিকার শিরোনাম দেওয়া হয়, ‘স্বাধীনতার নেতা মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসি দিল বাংলাদেশ।’ নিউ কেরালা ডটকম-এর শিরোনাম ছিল, ‘৩৫ বছর পর মুজিব হত্যাকারীদের ফাঁসি দিল বাংলাদেশ।’পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতেও খবরটি বেশ গুরুত্বসহকারে প্রকাশিত হয়। ইংরেজি ভাষার পত্রিকা ডন-এর অনলাইন সংস্করণের শিরোনাম ছিল, ‘মুজিবুর রহমান হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করল বাংলাদেশ।’ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে খুনিদের রায় পর্যালোচনার আবেদন খারিজের খবরও প্রচার করে ডন অনলাইন। ওই খবরের শিরোনাম ছিল, ‘মুজিবের খুনিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখল বাংলাদেশ।’ দ্য নেশন পত্রিকা খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার খবরটি দিতে পারেনি। তবে সুপ্রিম কোর্টে খুনিদের রায় পর্যালোচনার আবেদন খারিজ হওয়ার খবরটি পত্রিকাটির অনলাইন সংস্করণে গুরুত্বসহকারে প্রকাশিত হয়। দ্য নেশন-এর শিরোনামে বলা হয়, ‘মুজিব হত্যাকারীদের মৃত্যুদণ্ড বহাল রাখল বাংলাদেশের সর্বোচ্চ আদালত।’ ডেইলি টাইমস-এর শিরোনাম ছিল, ‘মুজিব হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাল বাংলাদেশ।’আইনমন্ত্রী শফিক আহমদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির পরিবেশিত খবর প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এর অনলাইন সংস্করণে। ইয়াহু! নিউজের শিরোনাম ছিল, ‘স্বাধীনতার নেতা হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ।’ অনলাইন পত্রিকা রেডিফ ডটকম-এর শিরোনামে লেখা হয়, ‘৩০ বছর পর মুজিব হত্যাকারীদের ফাঁসি দিল বাংলাদেশ।’ জাপান টুডে-এর অনলাইন সংস্করণের শিরোনাম ছিল, ‘দোষী সাব্যস্ত পাঁচ মুজিব হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল বাংলাদেশ।’