বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের অধিবেশন মুলতবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার মুলতবি করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল তিনটায় সংসদের অধিবেশন আবার বসবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ দিনের কার্যসূচি স্থগিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের রায় কার্যকর হওয়া সম্পর্কে বক্তব্য দেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।স্পিকার তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। নানা কারণে দীর্ঘদিন এই বিচার বাধাগ্রস্ত হলেও অবশেষে সত্যের জয় হয়েছে। আবেগাপ্লুত কণ্ঠে স্পিকার বলেন, ‘জীবদ্দশায় বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতে পেরেছি, এ এক পরম পাওয়া। এত দিন এক বুক যন্ত্রণা নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়েছে। আমাদের বয়স হয়েছে। এই রায় কার্যকর দেখে যেতে না পারলে আমাদের অতৃপ্তি থেকে যেত।’স্পিকারের বক্তব্যের পর জাতির জনক শেখ মুজিব ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।স্পিকার আবদুল হামিদের বক্তৃতার সময় পিনপতন নিস্তব্ধতায় প্রধানমন্ত্রী ও সাংসদেরা তাঁর বক্তব্য শোনেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায়। এ সময় অনেক সাংসদই আবেগাপ্লুত হয়ে পড়েন। অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের কাছে এসে তাঁকে সান্ত্বনা দেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্পিকার নিজ আসন থেকে নেমে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দপ্তর পর্যন্ত এগিয়ে দেন।