বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে তাঁর প্রতিকৃতিতে আজ বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের ও সাহারা খাতুন, সাধারণ সম্পাদক এবং এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ও অন্যান্য কেন্দ্রীয় নেতা।এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাসস।