বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।প্রধানমন্ত্রী আজ বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের মাসব্যাপী বিজয় দিবস উদযাপনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাসস।