বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে নিজামী বলেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক আন্দোলনের প্রধান বিষয় ছিল বহুদলীয় গণতন্ত্র। তিনি পাকিস্তানের জেলে থাকার সময় থেকেই বাংলাদেশের একক ক্ষমতার অধিকারী ছিলেন। দেশে ফিরে তিনি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ নিয়েছিলেন।জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে প্রথমেই বলেছিলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এর মাধ্যমে তিনি মুসলিম দেশগুলোকে বুঝিয়েছিলেন, বাংলাদেশ তার মুসলিম পরিচিতি ধরে রাখতে চায়। এরপর ১৯৭৪ সালে ভারত ও রাশিয়ার বিরোধিতার মুখেও তিনি ওআইসির সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং বাংলাদেশকে ওআইসির সদস্য করেছিলেন।জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বিষয়ে ইঙ্গিত করে নিজামী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমরা এরশাদের বিরুদ্ধে এবং ১৯৯১ থেকে ’৯৬ সাল পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্তি নিয়ে আন্দোলন করেছি। তখন তারা ঘুণাক্ষরেও ওই (যুদ্ধাপরাধ) বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনেনি।’জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ‘আমরা সরকারের শত্রু নই। সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করুক; আমরা আপনাদের সহযোগিতা করব, যদি আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেন।’জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, আওয়ামী লীগ এবার মহাজোটের নামে ক্ষমতায় এসে বাংলাদেশকে তাবেদার ও অকার্যকর রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে এবং জামায়াত-শিবিরসহ বিরোধী দলকে খতম করার চেষ্টা করছে।সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার তাদের (সরকার) লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করা।