১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ও অন্য চারজনকে শর্ত সাপেক্ষে ছাত্রত্ব রাখার সুযোগ দিয়েছিল। তবে আজীবন বিদ্রোহী বঙ্গবন্ধু এমন শর্ত মানেননি। এ কারণে বিশ্ববিদ্যালয় তাঁকে বহিষ্কার করে।দীর্ঘ ৬১ বছর পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জরিমানা করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা দিয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখতে পারতেন। কিন্তু ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে তিনি তখন অবস্থান নিয়েছিলেন।’ উপাচার্য আরও জানান, ‘ন্যায়ের পথে তাঁর অবস্থানকে সম্মান জানিয়ে আজকের সিন্ডিকেট সভা তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয়ই সম্মানিত হবে বলে আমি মনে করি।’বাংলা একাডেমী থেকে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জীবন ও রাজনীতি বইয়ের প্রথম খণ্ডে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বঙ্গবন্ধুর আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর বহিষ্কার হওয়ার ঘটনার বর্ণনা আছে। বইটিতে ‘শেখ মুজিবুর রহমানের কারাজীবন: ১৯৪৯-৫২’ শীর্ষক অধ্যায়ের ১৯১ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা চালিয়ে আসছিলেন। কিন্তু দাবি-দাওয়া পূরণ না হওয়ায় ১৯৪৯-এর ৩ মার্চ থেকে তাঁরা ধর্মঘটে চলে যান। নিম্ন কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজও এগিয়ে আসে। তারাও ৩ মার্চ ক্লাস বর্জন করে। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহ্বানে এবং উদ্যোগে ৫ মার্চ পূর্ণ ছাত্র ধর্মঘটের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২টা ৩০ মিনিটে একটি সভা অনুষ্ঠিত হয়। তাতে ছাত্ররা স্থির করেন যে কর্মচারীদের দাবি-দাওয়া কর্তৃপক্ষ যত দিন না স্বীকার করে, তত দিন তাঁরা সহানুভূতিসূচক ধর্মঘট অব্যাহত রাখবেন।’বর্ণনায় আরও বলা হয়েছে, ‘প্রাদেশিক সরকারের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে চিরাচরিত নেতিবাচক পন্থায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২৭ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূূলক ব্যবস্থা নেয়। শেখ মুজিব ছিলেন দণ্ডপ্রাপ্তদের একজন। নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ধর্মঘটে সমর্থন দেওয়া, পরিচালনা করার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজন ছাত্রের প্রত্যেককে ১৫ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়। তবে তাঁরা ভবিষ্যতে ভলো আচরণ করবেন—১৯৪৯ সালের ১৭ এপ্রিলের মধ্যে প্রভোস্টদের নির্দিষ্ট ফরমে তাঁদের অভিভাবকের কাছ থেকে এমন নিশ্চয়তা প্রদান করলে তাঁদের ছাত্রত্ব বজায় থাকবে।জানা যায়, বঙ্গবন্ধু তখন সলিমুল্লাহ মুসলিম হলের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর ক্রমিক নম্বর ছিল ১৬৬। শাস্তি পাওয়া বাকি চারজন হলেন ঢাকা হলের স্নাতকোত্তর প্রথম বর্ষের কল্যাণচন্দ্র দাসগুপ্ত, সলিমুল্লাহ মুসলিম হলের এলএলবি দ্বিতীয় বর্ষের নাঈমউদ্দিন আহমেদ, একই হলের প্রথম বর্ষের ছাত্রী নাদেরা বেগম, (তখন ছাত্রীদের হল ছিল না, ছাত্র হলেই তাঁদের সংযুক্তি থাকত, তবে তাঁরা হলে থাকতেন না) ও ফজলুল হক মুসলিম হলের বিএ প্রথম বর্ষের মুহাম্মদ আবদুল ওয়াদুদ। এর মধ্যে বঙ্গবন্ধু বাদে বাকি চারজন জরিমানা পরিশোধ এবং তাঁদের অভিভাবকদের কাছ থেকে নিশ্চয়তাপত্র জমা দিয়ে ছাত্রত্ব বজায় রাখেন। মুচলেকা দিয়ে শাস্তি থেকে রেহাই পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বজায় রাখা বঙ্গবন্ধুর কাছে মর্যাদাপূর্ণ মনে হয়নি। তাই তিনি মুচলেকা দিতে অস্বীকার করেন। ফলে ওই সময়ের বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের সমাপ্তি ঘটে। জানা যায়, বহিষ্কৃত হওয়ার পর দীর্ঘদিন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাননি বঙ্গবন্ধু। তবে ২৩ বছর পর ১৯৭২ সালে যখন তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরেন, তখন তাঁকে পেয়ে বিশ্ববিদ্যালয়ই ছিল গর্বিত। তত দিনে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধীতে ভূষিত হন এবং স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন। বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল নিয়েছিল, তা বাঁধাই করে তাঁকে উপহার দেওয়া হয়।জানা যায়, সেদিন ওই কপি দেওয়া হলেও শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ওই সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়।