বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা কিন্তু ট্রাইব্যুনাল গঠন নিয়ে নিশ্চুপ নিজামী
স্বাধীনতা দিবস উপলক্ষে দলের আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তবে যুদ্ধাপরাধীদের বিচারে সদ্য গঠিত ট্রাইব্যুনাল নিয়ে কিছু বলেননি তিনি।স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে জামায়াত আয়োজিত দোয়ার অনুষ্ঠানে নিজামী ও অন্য কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে বৃহস্পতিবার গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তাঁরা কিছু বলতে পারেন মনে করা হলেও শেষ পর্যন্ত জামায়াতের নেতারা কিছুই বলেননি। অনুষ্ঠানের পর এ বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য বলেন, ‘এ নিয়ে বলার কী আছে?’মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যা ও অন্যান্য অপকর্মে সহায়তা করেছিল বলে ব্যাপকভাবে অভিযোগ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে নিজামী বলেন, ‘স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক আন্দোলনের প্রধান বিষয় ছিল বহুদলীয় গণতন্ত্র। তিনি বাংলাদেশের একক ক্ষমতার অধিকারী হয়েছিলেন পাকিস্তানের জেলে থাকার সময়ই। দেশে ফিরে তিনি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ নিয়েছিলেন।’ইসলামের প্রতি বঙ্গবন্ধুর নিষ্ঠার দিকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে প্রথমেই বলেছিলেন, ‘বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ।’ এর মাধ্যমে তিনি মুসলিম দেশগুলোকে বুঝিয়েছিলেন, বাংলাদেশ তার মুসলিম পরিচিতি ধরে রাখতে চায়। এরপর ১৯৭৪ সালে ভারত ও রাশিয়ার বিরোধিতার মুখেও তিনি ওআইসির সম্মেলনে যোগ দিয়েছিলেন, বাংলাদেশকে ওআইসির সদস্য করেছিলেন।জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা প্রসঙ্গে নিজামী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমরা এরশাদের বিরুদ্ধে এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্তি নিয়ে আন্দোলন করেছি। তখন তারা ঘুণাক্ষরেও ওই (যুদ্ধাপরাধ) বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনেননি।’জামায়াত ‘সরকারের শত্রু নয়’ মন্তব্য করে নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ‘সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করুক, আমরা সহযোগিতা করব, যদি আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেন।’জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান আওয়ামী লীগের সমালোচনা করে তাদের বিরুদ্ধে দেশকে তাঁবেদার ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র ও জামায়াত-শিবিরসহ বিরোধী দলকে খতমের প্রচেষ্টার অভিযোগ করেন।সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা অভিযুক্ত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘গোটা দেশকেই সরকার জেলখানা বানিয়েছে। এখন নাজিমউদ্দিন রোড (কেন্দ্রীয় কারাগার) বা কাশিমপুরে (গাজীপুরের কাশিমপুর কারাগার) নিয়ে গেলে আর পার্থক্য কী হবে?’যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রাথমিকভাবে যে সন্দেহভাজনদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে উল্লিখিত নেতাদের সবার নামই তার মধ্যে রয়েছে।দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকার ‘সত্যি সত্যি বিচার করতে চাইলে’ যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি সেনাসদস্যকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের পরামর্শ দেন।সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার তাঁদের (সরকার) লক্ষ্য নয়। তাঁদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করা।