বঙ্গবন্ধুর মাজারে পাঁচ বিচারপতির শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকসহ পাঁচ বিচারপতি।আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁরা সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তাঁরা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন বলেও জানা গেছে।সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের অপর চার বিচারপতি হলেন: আপিল বিভাগের মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি মো. সামছুল হুদা মানিক, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি মো. ফারুক আহমেদ।এ সময় গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামাল উজ জামান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মুনীর লাভলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়েরসহ অনেকেই উপস্থিত ছিলেন।