বঙ্গবন্ধুর সঠিক গাইডলাইনার ছিলেন ফজিলাতুননেসা
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী ও রাজনৈতিক জীবনের নেপথ্য সহযাত্রী শেখ ফজিলাতুননেসা বঙ্গবন্ধুর সঠিক গাইডলাইনার ছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সব ক্ষেত্রে বঙ্গমাতা সাহস ও প্রেরণা জুগিয়েছেন। আজ শনিবার রাজধানীতে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গমাতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের। সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতে হলে, বঙ্গমাতাকে নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধুর বিশাল ত্যাগ এবং তাঁর এই ত্যাগের জন্য অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবকে যথাযথ মূল্যায়ন করার মাধ্যমে জাতি হিসেবে আমাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা হরতালের নামে গাড়ি ভাঙচুর করছে, পোড়াচ্ছে, নৈরাজ্য করছে, পুলিশকে মারধর করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ২৩ বছরের নিরন্তর সংগ্রাম আর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলায় পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদরের গাড়িতে আর যেন কোন লাল-সবুজের পতাকা না ওড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক নেতা মোজাফফর হোসেন, অর্থনীতিবিদ আবুল বারকাত ও সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বক্তব্য দেন।