বঙ্গবন্ধুর সমাধি থেকে ক্ষমা চেয়ে বিএনপিকে আবার রাজনীতি শুরু করতে হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গণতন্ত্রকে সচল করার চাবি বিএনপির কাছে রয়েছে। বিএনপির জন্য সংসদের দরজাও খোলা। কিন্তু সংসদে না এসে তারা গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর জাতির বিরুদ্ধে গিয়ে বিএনপি এখন মহা সংকটেও পড়েছে। এই সংকট থেকে বের হতে হলে বিএনপিকে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি থেকে ক্ষমা চেয়ে আবার রাজনীতি শুরু করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত ‘মহাজোট সরকারের অগ্রযাত্রা বিরোধীদলের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিকে এখন জাতির সামনে পরিষ্কার করতে হবে যে তাঁরা যুদ্ধাপরাধের বিচারের পক্ষে, না বিপক্ষে? তাদের এখন পরিষ্কার করতে হবে তাঁরা কি মানবতাবিরোধী অপরাধকে অপরাধ মনে করে, নাকি করে না? অথচ প্রথমে বিএনপিও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চেয়েছিল।জনতার প্রত্যাশার আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে এতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মিয়া ও ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘আমাদের অনেক মন্ত্রীকেও বলতে শুনি, অমুককে অমুক সময় গ্রেপ্তার করা হবে। এটি সরকারের বিষয় নয়। তদন্ত সংস্থা যাকে মনে করবে, তাঁকে তখন গ্রেপ্তার করবে। এটি কোনো রাজনৈতিক দল, সরকার বা মন্ত্রীদের বিষয় নয়।’ ওলামা মাশায়েখদের হরতাল প্রত্যাহারের বিষয়ে সুরঞ্জিত বলেন, এই হরতাল প্রত্যাহারের মধ্য দিয়ে এবারই প্রথম প্রমাণিত হয়েছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। সরকার ও ওলামা-মাশায়েখদের আলোচনায় হরতাল প্রত্যাহার হয়েছে এবং সংঘর্ষ ও দ্বন্দ্বের অবসান হয়েছে। এটিই গণতন্ত্রের সবচেয়ে ইতিবাচক দিক। কিন্তু বিএনপি এতে বিশ্বাস করে না। এটি সমস্যা, যা বিএনপিকেও সমস্যায় ফেলছে।’