বঙ্গবন্ধুর সমাধি সৌধ থেকে কলেমার ১৬ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ থেকে কলেমার দলের ১৬ সদস্যকে টুঙ্গিপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল শনিবার রাতে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মসজিদের ভেতর থেকে পুলিশ তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে। আজ রোববার পুলিশ তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য হাকিম আলমগীর হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকায় টিএফআই সেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নরসিংদী সদর উপজেলার পূর্ব ব্রাহ্মণদী গ্রামের হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৩২), বানিয়ারছল গ্রামের মো. আবু কাউছার (৩৩), শাহীন (৩৫), পশ্চিম কান্দাপাড়া গ্রামের আ. সাত্তার মিয়া (৩০), শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের সোহেল (৩০), ভোলার চরফ্যাশান উপজেলার আমিনাবাদ গ্রামের তোফাজ্জেল হোসেন (৫৫), কুলসুমবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে জায়েদ (১৩), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের সোহেল (২২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোলানাথপুর গ্রামের মনির হোসেন (২০), ঠাকুরগাঁও সদর উপজেলার লসকরা গ্রামের হাফেজ রবিউল ইসলাম (১৯), গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বায়েজিত ওরফে রনি (২৩), নড়াইল সদর উপজেলার হাফেজ আবু ইউসুফ (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের মো. জাকির (২৬), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের ইব্রাহিম মিয়া (৩০), কক্সবাজারের উখিয়া উপজেলার চকবেবী পালং গ্রামের সামছুল আলম (২৯) ও চট্টগ্রাম জেলার বায়জিত উপজেলার চৌধুরী নগর গ্রামের রিয়াদ (২৯)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও সোহেল এর আগে জেএমবির সদস্য হিসেবে নরসিংদী ও ফরিদপুর থেকে দুই দফায় গ্রেপ্তার হয়েছিলেন। মো. আবু কাউছারের বিরুদ্ধে নরসিংদীতে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানের তিনি জামিনে আছেন বলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানিয়েছেন।আদালত চত্বরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁদের দলের সদস্য সংখ্যা প্রায় তিন হাজার। সারা দেশে তাঁরা বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়েছেন। কলেমার দাওয়াত দেওয়া তাঁদের কাজ। তাঁরা কোনো দেশদ্রোহী কাজ করছেন না। ওসি মাজহারুল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জেএমবির হয়ে ভিন্ন নামে নতুন করে সদস্য সংগ্রহ করতে মাঠে নেমেছেন এবং তাঁদের এই দাওয়াত দেওয়া তারই অংশ বলে পুলিশ সন্দেহ করছে। তা ছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের মধ্যে তাঁদের প্রবেশ ও কার্যক্রম সন্দেহজনক হওয়ায় তাঁদের গ্রেপ্তার করে টিআফআই সেলে পাঠানো হয়েছে। এদিকে গত ১৩ নভেম্বর শহরের কোট মসজিদ থেকে একই দলের গ্রেপ্তার হওয়া চার সদস্যকে আজ মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিকের আদালতে হাজির করা হয়। আদালত পুলিশের আবেদন করা ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দলিল উদ্দিন জানান, আগে তাঁদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁরা অসংলগ্ন কথা বলেন। টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার হওয়া ১৬ জনের সঙ্গে এদের একটি যোগসূত্র রয়েছে। তাই তাঁদেরও টিএফআইতে পাঠানো হবে।